Homeমুল পাতাচট্টগ্রামে রাসেলস ভাইপার নিয়ে যা জানা যাচ্ছে, কামড় দিলে করণীয়

চট্টগ্রামে রাসেলস ভাইপার নিয়ে যা জানা যাচ্ছে, কামড় দিলে করণীয়

প্রাইম ভিশন ডেস্ক »

গবেষকেরা জানিয়েছেন-রাসেলস ভাইপার কাউকে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তির মৃত্যু, এটি সবচেয়ে বিষধর সাপ বা মানুষ দেখলেই কামড় দিতে আসে-এসব তথ্য গুজব। তবে কেউ যদি আক্রান্ত হন-তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। কারণ এই সাপের বিষ শরীরে ছড়িয়ে পড়লে ফুসফুস, হৃদযন্ত্র, কিডনিসহ শরীরের ‘মাল্টি অর্গান’ বিকল হয়ে যায়। তখন ‘মাল্টি সাপোর্টের’ দরকার হয়। দেরি হলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ভেনম রিসার্চ সেন্টারের প্রধান গবেষক অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ জয়  বলেন, রাসেলস ভাইপার বাঁশখালীতে দেখা গিয়েছিল অনেক বছর আগে। বেশ কিছুদিন আগেও সীতাকুণ্ড উপকূলে একটি রাসেলস ভাইপার পাওয়া গেছে।

রাসেলস ভাইপার গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসানও একই তথ্য জানিয়েছেন। তিনি  বলেন, চট্টগ্রামে রাসেলস ভাইপারের হিস্ট্রি অনেক পুরোনো। এখানকার মানুষের এই সাপ নিয়ে আতঙ্কের কারণ নেই।

বিশেষজ্ঞরা বলছেন, রাসেলস ভাইপারের এখন প্রজননকাল চলছে। তাই দেখাও যাচ্ছে বেশি। মে থেকে পরের তিন মাস প্রজনন সবচেয়ে বেশি ঘটে। সাপটি পানিতেও চলতে পারে বলে বর্ষাকালে কচুরিপানার সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে। এই সাপ যেহেতু ডিম না দিয়ে সন্তান প্রসব করে, ফলে সাপের বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনাও বেশি থাকে।

চমেক হাসপাতালে রোগীর চিকিৎসা সম্ভব

অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ জয় জানান, যদি কাউকে রাসেলস ভাইপার কামড় দেয়, দ্রুত হাসপাতালে নিতে হবে। বিষধর সাপ কোবরা, কেউটে এবং রাসেলস ভাইপারের এন্টিভেনম একই। চমেক হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত এন্টিভেনম রয়েছে। দেশে এন্টিভেনম প্রয়োগ চমেক হাসপাতাল থেকেই শুরু। রাসেলস ভাইপারের কামড়ে আক্রান্ত ব্যক্তিকে চট্টগ্রামেই চিকিৎসা দেওয়া সম্ভব।

সতর্কতা

রাসেলস ভাইপার ঝোপঝাড়ে থাকে উল্লেখ করে গবেষক অধ্যাপক ফরিদ আহসান বলেন, যারা বিলে বা ঝোপঝাড়ে কাজ করতে যাবেন- তারা যদি পায়ে গাম বুট, শরীরে জিন্সের প্যান্ট, হাতে গ্লাভস পরে কাজে যান- তাহলে রাসেলস ভাইপার থাকলেও আর কামড় দিতে পারবে না।  খবর সূত্র  দৈনিক পূর্বকোণ।

 রাসেল’স ভাইপার উদ্ধার করবে স্নেক রেসকিউ টিম

চট্টগ্রামসহ দেশের কোথাও রাসেল’স ভাইপার দেখা গেলে উদ্ধার করে দেবে স্বেচ্ছাসেবী সংগঠন- স্নেক রেসকিউ টিম বাংলাদেশ। সংগঠনের সাধারণ সম্পাদক প্রিতম সুর রায়  বলেন, কেবল চট্টগ্রামেই আমাদের ২০ জন সদস্য রয়েছেন। যে কোনো জায়গায় রাসেল’স ভাইপার বা বিষধর সাপ দেখলেই আমাদের হটলাইন নম্বরে (০১৩০৩-১২৯৯১৬) জানানো যাবে। আমাদের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিনামূল্যে সেটি উদ্ধার করে দেবেন।

কামড় দিলে করণীয়

স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রিতম সুর রায় বলেন, রাসেল’স ভাইপার কামড় দিলে সাপুড়ে, ওঝা, কবিরাজ, বৈদ্যের কাছে যাওয়া যাবে না। কামড়ের স্থানে ব্লেড ছুরি দিয়ে কাটাকাটি করা, মুখ দিয়ে শুষে রক্ত বের করা- এসব করা যাবে না। বাঁধ, গিট্টু দেওয়া যাবে না। মুখে মরিচ নিয়ে ঝাল লাগা না লাগা পরীক্ষা করা যাবে না। বরং রোগীকে অভয় দিয়ে সাহস যোগাতে হবে। যেখানে কামড় দিয়েছে সেই অঙ্গ কম নড়াচাড়ার চেষ্টা করতে হবে। রোগীকে ১ ঘণ্টা ৪০ মিনিটের মধ্যে হাসপাতালে নিলে বাঁচার সম্ভাবনা প্রায় শতভাগ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়