প্রাইম ভিশন ডেস্ক »
দেশের পুঁজিবাজারে ভালো মৌলভিত্তিসম্পন্ন শীর্ষস্থানীয় এবং স্বনামধন্য কোম্পানি ও গ্রুপকে তালিকাভুক্তির জন্য অনুপ্রাণিত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি দেশের অন্যতম বৃহৎ তিন শিল্পগোষ্ঠী মেঘনা, সিটি ও পিএইচপি গ্রুপের সঙ্গে কমিশনের শীর্ষ কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে ৭ অক্টোবর অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এ সময় বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখ এবং বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন। তিন শিল্পগোষ্ঠীর পক্ষে এ সময় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান এবং পিএইচপি গ্রুপের পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ উপস্থিত ছিলেন।
বৈঠকে বিএসইসি জানায়, পুঁজিবাজারের স্বার্থে বাজারে ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির তালিকাভুক্তি জরুরি এবং এ লক্ষ্যে বিএসইসি আন্তরিকভাবে কাজ করছে। এর পরিপ্রেক্ষিতে দেশের অন্যতম বৃহৎ তিনটি গ্রুপ মেঘনা, সিটি ও পিএইচপি গ্রুপের অধীনে থাকা শক্তিশালী মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় পুঁজিবাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থায়ন, তালিকাভুক্তির ক্ষেত্রে কোম্পানির ভ্যালুয়েশন, আইপিও অনুমোদন ও তালিকাভুক্তির প্রক্রিয়া সহজীকরণ ও দ্রুত সম্পাদনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং শিল্প-বাণিজ্য খাতে মেঘনা, সিটি ও পিএইচপি গ্রুপের উল্লেখযোগ্য অবদান রয়েছে। এছাড়া তারা শুধু বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্পগোষ্ঠী হিসেবে সুপরিচিতই নয়, তাদের অধীন রাসায়নিক, সিমেন্ট, খাদ্য ও ভোগ্যপণ্য, রিয়েল এস্টেট, বীমা, সিকিউরিটিজ, ইউটিলিটি, ইস্পাত, মুদ্রণ ও প্যাকেজিং, শিপিং, পাওয়ার ও এনার্জি তথা জ্বালানি, শেয়ার ও সিকিউরিটিজ, গণমাধ্যম, স্বাস্থ্যসেবা, গ্লাস, অ্যালুমিনিয়াম, শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং, টেক্সটাইল, পেট্রোলিয়াম প্রডাক্টস, কৃষিজাত পণ্য, চামড়াজাত পণ্য, ফিশারিজ ইত্যাদি খাতের প্রতিষ্ঠিত কোম্পানি রয়েছে; যা তাদের ব্যবসার ব্যাপ্তি ও বৈচিত্র্যে স্পষ্ট প্রতিফলন। এসব খাতের গুরুত্বপূর্ণ শক্তিশালী মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোর দেশের পুঁজিবাজারে তালিকাভুক্তি একদিকে যেমন দেশের পুঁজিবাজারকে আরো শক্তিশালী করবে, অন্যদিকে পুঁজিবাজারের মাধ্যমে অর্থায়নের ফলে বিভিন্ন খাতের অধিকতর বিকাশের মাধ্যমে দেশের শিল্পায়ন ও উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার সুযোগ তৈরি হবে।’
বিএসইসির পক্ষ থেকে আরো জানানো হয়েছে, এরই ধারাবাহিকতায় পুঁজিবাজারে ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির তালিকাভুক্তির লক্ষ্যে দেশের অন্যান্য বড় গ্রুপের সঙ্গে সভা করা হবে। এ প্রচেষ্টার ফলে বাংলাদেশের পুঁজিবাজারে আগামীতে ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি তালিকাভুক্ত হবে বলে বিএসইসির প্রত্যাশা। এর মাধ্যমে দেশের পুঁজিবাজারে নতুন গতি আসবে এবং বাজার আরো প্রাণবন্ত রূপ পাবে বলে আশা করা যায়। একটি সমৃদ্ধ ও সফল পুঁজিবাজার গড়তে এবং পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন ও সংস্কারের নিমিত্তে বর্তমান কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


