Homeসংবাদজাতীয়ভারী বর্ষণ কবে থেকে জানাল আবহাওয়া অধিদফতর

ভারী বর্ষণ কবে থেকে জানাল আবহাওয়া অধিদফতর

প্রাইম ভিশন ডেস্ক »

শীতে কাঁপছে দেশের অধিকাংশ অঞ্চল। পৌষের শুরুতে অনেকটা জেঁকে বসা শীতের মধ্যে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। এর ফলে তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে সরকারি সংস্থাটি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা এক বিশেষ সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আগামী শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় মাঝারী (২৪ ঘণ্টায় ১১-২২ মিলিমিটার) থেকে ভারী (২৪ ঘণ্টায় ৪৪-৮৮ মিলিমিটার) বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শেষ ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বর্ধিত পাঁচ দিনের প্রথমার্ধে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়