Homeএই মুহুর্তেবৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয়ের এখন আর অস্তিত্ব নেই —নাহিদ ইসলাম

বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয়ের এখন আর অস্তিত্ব নেই —নাহিদ ইসলাম

প্রাইম ভিশন ডেস্ক »

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে। রাজনৈতিক দল তৈরি হয়েছে। বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয়টা এখন আর এক্সিস্ট (অস্তিত্ব) করে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের অনুরোধ থাকবে, এই পরিচয়ে ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তাহলে তারা যেন আইন অনুযায়ী ব্যবস্থা নেন।

গতকাল রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টির মানসিকতা ও প্রস্তুতি রয়েছে। আমরা বলেছি, সংসদ নির্বাচনের পাশাপাশি গণপরিষদ নির্বাচন দেখতে চাই। শুধু নির্বাচনই নাগরিক পার্টির এ মুহূর্তে একমাত্র দাবি নয়। তার আগে আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই। আর ঐকমত্যের ভিত্তিতে যে জুলাই সনদ হওয়ার কথা, তা আমরা নির্বাচনের আগে কার্যকর দেখতে চাই। জুলাই ঘোষণাপত্রের যে দাবি ছাত্রদের পক্ষ থেকে উঠেছিল, আমরা দ্রুততম সময়ের মধ্যে সেটার বাস্তবায়ন দেখতে চাই।’

নতুন দলটির কার্যক্রম নিয়ে এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ‘আমরা এখন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের শর্তাবলি নিয়ে মনোযোগী হচ্ছি। তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছি। রোজার পর পুরোদমে শুরু করব। আমরা নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করছি। জোট গঠন বা নির্বাচনের প্রার্থীর বিষয়ে আমাদের অবস্থান ব্যক্ত করতে আরো সময় লাগবে।’

তিনি আরো বলেন, ‘গণপরিষদ নির্বাচন করতে হলে তা রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর করবে, ঐকমত্যের ওপর নির্ভর করবে। তবে যেকোনো নির্বাচনে যাওয়ার আগে দৃশ্যমান বিচার ও জুলাই সনদ বাস্তবায়ন দেখতে চাই।’

সম্প্রতি রয়টার্সে প্রকাশিত সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি বলেন, ‘সাক্ষাৎকারে কিছু মিসকোট হয়েছে বা ভুল অনুবাদ হয়েছে। আর্থিক বিষয়ে আমি বলেছিলাম, আমাদের সমাজের সচ্ছল মানুষ ও শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তারা মূলত আমাদের সহযোগিতা করেন। আমরা একটা ক্রাউড ফান্ডিংয়ের দিকে যাচ্ছি। এর মাধ্যমে আমরা আমাদের কার্যালয় ও নির্বাচনের ফান্ড গঠন করব। এটার ভুল অনুবাদ এসেছে বিভিন্ন গণমাধ্যমে। এটা সংশোধনের অনুরোধ থাকবে। দ্বিতীয়ত, “‍এ বছর নির্বাচন করা সম্ভব নয়”—আমি ঠিক এভাবে কথাটি বলিনি। আমি বলেছিলাম, এখন দেশের যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ যেমন নাজুক অবস্থায় আছে, এ রকম নাজুক অবস্থায় নির্বাচন করা অনেক বেশি কঠিন হবে। তাদের সক্ষমতার পরীক্ষা হয়নি দীর্ঘদিন ধরে। সেখান থেকে আমি বলেছি, অবশ্যই নির্বাচনের আগে পুলিশিং ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই উন্নত করতে হবে। এজন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে, সামাজিক শক্তিকে এগিয়ে আসতে হবে, সহযোগিতা করতে হবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়