প্রাইম ভিশন ডেস্ক »
প্রতিমন্ত্রীর মর্যাদা পেতে যাচ্ছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে গতকাল রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারি হলে ডা. শাহাদাত হবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ইতিহাসে প্রতিমন্ত্রীর মর্যাদা পাওয়া পঞ্চম মেয়র।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব নাম প্রকাশ না করার শর্তে আজাদীকে বলেন, নিয়ম অনুযায়ী প্রতিমন্ত্রী মর্যাদা দেওয়ার বিষয়ে সামারি আকারে ফাইল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টা অনুমোদন দিলে প্রজ্ঞাপন জারি করা হবে। যেহেতু প্রধান উপদেষ্টা বিষয়টি পূর্ব থেকে অবগত, তাই ধারণা করছি কাল–পরশু বা এ সপ্তাহের মধ্যেই ডা. শাহাদাত হোসেনকে প্রতিন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
জানা গেছে, নগরের সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় নিশ্চিতে প্রতিমন্ত্রীর মর্যাদা চেয়ে গত বছরের (২০২৪) ৩ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি ডিও দেন মেয়র শাহাদাত। গতকাল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে দেওয়া চিঠির সঙ্গে ডিওটি সংযুক্ত করা হয়।
মন্ত্রণালয়ে দেওয়া উপানুষ্ঠানিক পত্রটিতে ডা. শাহাদাত হোসেন দাবি করেন, ‘বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও ব্যবস্থাপনার দায়িত্ব যে সকল সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার উপর অর্পিত হয়েছে সেগুলোর প্রত্যেকটি পৃথক আইন দ্বারা পরিচালিত। জেলা প্রশাসন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, বন্দর কর্তৃপক্ষ, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের সাথে নগরের উন্নয়ন কাজে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সক্রিয়ভাবে সম্পৃক্ত। এই সকল সরকারি দপ্তরের সাথে সমন্বয়ের লক্ষ্যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত মেয়রকে প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রদান করা হলে সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম অধিকতর বেগবান হবে’।


