Homeএই মুহুর্তেইসিকে যতই স্বাধীন বলা হোক না কেন, সরকারের সাহায্য ছাড়া নির্বাচন সম্ভব...

ইসিকে যতই স্বাধীন বলা হোক না কেন, সরকারের সাহায্য ছাড়া নির্বাচন সম্ভব না: সিইসি

প্রাইম ভিশন ডেস্ক »

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনকে যতই স্বাধীন বলা হোক না কেন, সরকারের সহায়তা ছাড়া নির্বাচন পরিচালনা করা সম্ভব নয়।

শনিবার (২১ জুন) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘যতই আপনি ইসিকে [নির্বাচন কমিশন] স্বাধীন বলেন না কেন, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব না। কারণ সরকারের সহযোগিতা নিয়েই আমাদের নির্বাচন করতে হবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হবে, অফিসার, প্রশাসনের সহায়তা নিতে। সুতরাং সরকার একটা মূখ্য ভূমিকা রাখবে তো নির্বাচনের মধ্যে। এটা ছাড়া তো সম্ভব না।’

রোডম্যাপ কবে প্রকাশ করা হবে এবং সরকারের সঙ্গে কোনো যোগাযোগ হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, সময় হলে আপনারা সব জানতে পারবেন। আমরা লুকিয়ে কিছু করছি না। আপনারা যেটাকে রোডম্যাপ বলছেন, আমরা সেটাকে বলি কর্মপরিকল্পনা। আমাদের অনেক কার্যক্রম আছে—কোনটা কবে শুরু হবে, কখন শেষ হবে, সেই সম্ভাব্য সময়সূচিই আমাদের পরিকল্পনায় রয়েছে। এটি সকলের কাছে প্রকাশের উদ্দেশ্যে নয়, বরং কমিশনের নিজস্ব ব্যবহারের জন্য তৈরি। এটা নিজস্ব, সংশোধন হতে পারে, এদিক-ওদিক হতে পারে।

সরকারের সঙ্গে কমিশনের যোগাযোগ বিষয়ে প্রশ্নে তিনি বলেন, সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ প্রতিনিয়ত হচ্ছে বা একদম হচ্ছে না, বিষয়টা এমন না। নির্বাচনের তারিখ যথাসময়ে সবাই জানতে পারবেন। তফসিলও আমরা যথাসময়ে ঘোষণা করব। এজন্য সরকারকে আগে থেকে জানিয়ে দেখা করতে হবে এমন নয়। আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক—নানাভাবে যোগাযোগ হতে পারে।

তিনি আরও বলেন, আমরা সরকারের কাছাকাছি নেই বা একদম বিচ্ছিন্ন দ্বীপে আছি—এমনটা না। সংস্কার কমিশনের যেসব সুপারিশ রয়েছে, তার মধ্যে ইসি সংস্কারও আছে। সেগুলো মাথায় রেখেই আমাদের এগোতে হবে।

এর আগে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি সকল পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব, এনআইডির মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়