Wednesday, July 1, 2026
spot_img
Homeএই মুহুর্তেইলিশ আহরণে আসছে ২২ দিনের নিষেধাজ্ঞা

ইলিশ আহরণে আসছে ২২ দিনের নিষেধাজ্ঞা

প্রাইম ভিশন ডেস্ক »

চলতি মাসেই শেষ হচ্ছে ইলিশের ভরা মৌসুম। এরই মধ্যে ডিম ছাড়তে নদীতে আসতে শুরু করেছে মাছ। জেলেদের জালেও ধরা পড়ছে কিছু কিছু। মা-ইলিশ রক্ষায় আগামী ৩ অক্টোবর মধ্যরাতে নিষেধাজ্ঞার সময় শুরু হবে। আগামী ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত নদীতে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা।

বরিশাল মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশ শতভাগ পালন করতে এরই মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীসহ তালিকাভুক্ত জেলেদের নিয়ে বৈঠক করা হয়েছে। ইলিশের অভয়ারণ্যে ডিমওয়ালা মাছ রক্ষায় গত বছর সরকারি নিষেধাজ্ঞা শুরু হয়েছিল ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত। সাধারণত পূর্ণিমা ও অমাবশ্যার ওপর নির্ভর করে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়। সে অনুযায়ী, এ বছর আগামী ৭ অক্টোবর পূর্ণিমা শুরু হবে। এজন্য এবার ৪-২৫ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা দেয়া হবে।

এবার ইলিশের ভরা মৌসুম শেষেও বরিশালে মোকামগুলোয় ইলিশের দেখা মিলছে না। দামও অস্বাভাবিক। এসবের মধ্যেই নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এ নিয়ে হতাশ জেলে, ব্যবসায়ী ও ভোক্তারা।

নগরীর পোর্ট রোডের ইলিশ মোকামের আড়তদার রেজাউল করিম ফোরকান বলেন, ‘এ বছর ইলিশের সরবরাহ একেবারেই কম। গতকাল ১৫০ মণ ইলিশ মোকামে উঠেছে। আগের দিন ছিল ২৫০ মণ। গত বছরের চেয়ে এবার সরবরাহ কম হওয়ায় দামও অনেক বেশি। গতকাল এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ২ হাজার ১৭৫ টাকা। ৭০০-৯০০ গ্রাম ইলিশ প্রতি কেজি ১ হাজার ৯০০ টাকা এবং ৫০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হয়েছে ১ হাজার ৫০০ টাকা।’

ব্যবসায়ীরা হতাশা প্রকাশ করে বলেন, ‘গত বছরের চেয়ে এ বছর ইলিশের দাম কেজিতে ৫০০-৬০০ টাকা বেড়েছে। জেলেরাও ইলিশ নিয়ে হতাশ।

মেহেন্দীগঞ্জের উলানিয়া এলাকার তোফায়েল হোসেন বলেন, ‘নদীতে ইলিশ এখন কিছুটা মিলতে শুরু করেছে। এরই মধ্যে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হবে। যা আয় হয়েছে তা দিয়ে দাদনের টাকা পরিশোধ করা সম্ভব হবে না।’

তবে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, নানা প্রতিকূলতার কারণে নদীতে আর ইলিশ বাড়ানো সম্ভব নয়। এজন্য যেখান থেকে ৬০ শতাংশ মাছ আসে সে সাগরের ওপরই নির্ভরশীল হতে হবে। কারণ হিসেবে তারা বলছেন, জলবায়ুর পরিবর্তন, পানি সংকট, ডুবোচর ও নাব্য সংকটের কারণে নদীতে সব মাছের উৎপাদন কমেছে।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম আকন্দ বলেন, ‘এ বছর ইলিশের আহরণ না বাড়ার কারণে দামও কমেনি।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়