প্রাইম ভিশন ডেস্ক »
সিআরবি এলাকায় অনুষ্ঠান আয়োজনকারীদের কাছ থেকে ভাড়া আদায়ের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সিআরবির প্রাণ-প্রকৃতি রক্ষায় শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি রেলওয়ের আয় বাড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা রেলওয়ের ভাড়া আদায়ের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন।
সম্প্রতি রেলভূমি বরাদ্দ কমিটির সুপারিশের ভিত্তিতে সিআরবিতে অনুষ্ঠান আয়োজনকারীদের কাছ থেকে ভাড়া আদায়ের সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে বাণিজ্যিক, সামাজিক, সাংস্কৃতিকসহ সব ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে প্রতি বর্গফুট জায়গা অনুসারে ঘণ্টাপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়। অনুষ্ঠান আয়োজনে অনুমতির আবেদনের সঙ্গে এই ভাড়া আদায়ের সিদ্ধান্ত হয়।
রেলওয়ের কর্মকর্তারা জানান-সিআরবির শিরীষতলা মাঠের আয়তন ৬২ হাজার ৬১৭ বর্গফুট। এই মাঠের ভাড়া প্রতিঘণ্টায় ১ হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতিদিনের ভাড়া ৪২ হাজার, প্রতিমাসের ভাড়া ১২ লাখ ৫২ হাজার ৩৪০ এবং বাৎসরিক ভাড়া ১ কোটি ৫০ লাখ ২৮ হাজার ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যোগ হবে।
এদিকে সিআরবিতে অনুষ্ঠান আয়োজনে ভাড়া আদায়ের সিদ্ধান্তের প্রতিবাদে মাঠে নেমেছে চট্টগ্রাম নগরে কাজ করা সামাজিক সংগঠনগুলোর এলায়েন্স-সোশ্যাল অর্গানাইজেশন ফোরাম। ভাড়া আদায়ের সিদ্ধান্ত বাতিলের দাবিতে গতকাল বুধবার রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক বরাবর স্মারকলিপি প্রদান ও সিআরবিতে মানববন্ধনও করেছে সংগঠনটি।


