রবিবার, জুন ২১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেএকটি পরিকল্পিত, আধুনিক ও বৈশ্বিক মানের চট্টগ্রাম গড়ে তোলা হবে :...

একটি পরিকল্পিত, আধুনিক ও বৈশ্বিক মানের চট্টগ্রাম গড়ে তোলা হবে : মীর হেলাল

 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করেই বর্তমান সরকার একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

শনিবার (২০ জুন) বিকেলে নগরের কোতোয়ালী এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) ভবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে একটি আধুনিক বাংলাদেশ গড়ার যাত্রা শুরু করেন। জিয়াউর রহমান কেবল স্বাধীনতার ঘোষকই নন, তিনি আধুনিক বাংলাদেশের রূপকার।

একদলীয় শাসনব্যবস্থা থেকে দেশকে বের করে এনে তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেন। অর্থনীতিকে স্বনির্ভর করতে ১৯ দফা কর্মসূচি ও খাল খনন কর্মসূচি গ্রহণের মাধ্যমে কৃষি খাতে নতুন সম্ভাবনার সূচনা করেন।

শহীদ জিয়ার স্বপ্ন ছিল একটি আত্মনির্ভরশীল ও বৈষম্যহীন কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা উল্লেখ করে মীর হেলাল বলেন, তৈরি পোশাকশিল্প ও জনশক্তি রপ্তানির প্রাতিষ্ঠানিক ভিত্তি জিয়াউর রহমান স্থাপন করেছিলেন। গ্রামীণ ব্যাংকিং ব্যবস্থা, যুব উন্নয়ন মন্ত্রণালয় গঠন এবং নারীর ক্ষমতায়নে তাঁর নেওয়া বিভিন্ন পদক্ষেপ আজও দেশের অগ্রগতির ভিত্তি হিসেবে কাজ করছে।

চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ক্ষমতার ভোগের জন্য নয়, বরং জনগণের অধিকার ও সেবাপ্রাপ্তি নিশ্চিত করতেই তাঁরা দায়িত্ব পালন করছেন। চট্টগ্রামের সার্বিক উন্নয়নকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। জনপ্রতিনিধি ও বিভিন্ন সেবা সংস্থাকে সঙ্গে নিয়ে একটি পরিকল্পিত, আধুনিক ও বৈশ্বিক মানের চট্টগ্রাম গড়ে তোলা হবে।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, অতীতে ট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যে অনিয়ম ও দুর্নীতি ছিল, তার অবসান ঘটানো হয়েছে। জনগণের অর্থের অপচয় ও সেবাগ্রহীতাদের হয়রানি কোনোভাবেই বরদাশত করা হবে না।

 

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়