প্রাইম ভিশন ডেস্ক »
কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, যুবলীগে কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অবৈধ কাজকে প্রশ্রয় দেওয়া হবে না। যেকোনো বিরোধী পক্ষকে রুখতে রাস্তায় নেমে আন্দোলন সংগ্রাম করতে হবে। এখানে পেশী শক্তির চেয়ে শিক্ষিত ও বুদ্ধিভিত্তিক যুব সংগঠন দরকার।
রোববার (২৯মে) দুপুর ১টায় হাটহাজারী পার্বতীচরণ উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথি ও উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যারা কমিটিতে থাকবেন তাদের সম্পাদকীয় মন্ডলীর সঙ্গে কাজ করে যেতে হবে। সাংগঠনিক পদ নিজের পকেট ভারীর জন্য নয়। পদ পদবীর রাজনীতিতে আমরা বিশ্বাস করিনা।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, নির্বাচন নিয়ে তালবাহানা করছে বিএনপি । বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে মরিয়া হয়ে আছে।
তিনি বলেন, আগামী নির্বাচন নির্বাচন কমিশনের অধীনে হবে। আর সরকার প্রধান থাকবে শেখ হাসিনার নেতৃত্বে সরকার।
রোববার হাটহাজারী উপজেলার পার্বতী চরণ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলন শুরু হয়। কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন সম্মেলনের প্রধান অতিথি কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলমের সঞ্চালনায় এ সম্মেলনে আরও উপস্থিত রয়েছে সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রামের দায়িত্বপ প্রাপ্ত) আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম.পি, যুবলীগের সাধারণ সম্পাদক মো.মাইনুল ইসলাম খান নিখিল, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, যুবলীগ চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, সদস্য অধ্যাপক বিমান চন্দ্র বড়ুয়া, নিয়াজ মোর্শেদ এলিট প্রমুখ।


