প্রাইম ভিশন ডেস্ক »
হুঁশিয়ারির ১৬ ঘণ্টার মাথায় মিরসরাইয়ে র্যাবের খোয়া যাওয়া অপর অস্ত্রটিও উদ্ধার হয়েছে। মিরসরাইয়ের বারিয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহিউদ্দিন বাবুলের বাড়ির সামনে থেকে আজ রোববার ভোরের দিকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
এর আগে গতকাল শনিবার দুপুরে হারানো অস্ত্রটি উদ্ধার এবং পৌর এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দূর করতে শান্তি সম্মেলন করে বারিয়ারহাট পৌরসভা। সেখানে র্যাবের খোয়া যাওয়া অস্ত্রটি ফিরিয়ে দিতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন।
বারিয়ারহার পৌর বাজারের শান্তিরহাটে ২৫ মে সন্ধ্যায় সাদাপোশাকে মাদকবিরোধী অভিযানে যায় র্যাবের একটি দল। তখন ‘ডাকাত, ডাকাত’ বলে র্যাব সদস্যদের ওপর হামলা করে পৌরবাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন। এতে দুই র্যাব সদস্যসহ তিনজন গুরতর আহত হন। হামলার সময় র্যাব সদস্যদের দুটি অস্ত্রও খোয়া যায়। ঘটনার পরদিন রাতে পৌর এলাকায় অভিযান চালিয়ে একটি অস্ত্র উদ্ধার করে র্যাব। তবে অপর অস্ত্রটি পাওয়া যাচ্ছিল না। এটি উদ্ধারে তৎপর হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন জানান, শনিবার গভীর রাতে অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন করে জানান, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মহিউদ্দিন বাবুলের বাড়ির সামনে অস্ত্রটি রাখা আছে। খবর পেয়ে পুলিশ ওই স্থানে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে আনে। অস্ত্রের সঙ্গে পাওয়া একটি চিরকুটে অজ্ঞাতনামা ওই ব্যক্তি লিখেছেন, ‘র্যাবের ওপর হামলার সময় অস্ত্রটি পেলে ভয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জমা দিতে পারেননি।’
উপজেলার বারিয়ারহাট পৌরবাজারে র্যাবের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত তিনটি মামলা হয়েছে। এসব মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে শান্তি সম্মেলনের পর বারিয়ার হাট বাজার এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।


