৭১-এর পরাজিত শক্তি ও ২৪-এর পরাজিত শক্তি একই সুরে কথা বলছে বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল। একই সঙ্গে তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছেন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ চত্বরে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, পরাজিত শক্তি একই সুরে কথা বলার কারণও আছে। তারা জানে, জনগণের ভোটে কখনো ক্ষমতায় যেতে পারবে না। তাই কোথাও কোথাও তারা গণ্ডগোল করতে চায়।
তারা বুঝতে পেরেছে, জনগণ তাদের সঙ্গে নেই। বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রয়েছে।
তিনি যেখানে যাচ্ছেন, সেখানেই মানুষের জনস্রোত দেখা যাচ্ছে। খুলনার পর ঢাকায়ও প্রধানমন্ত্রীর কর্মসূচিতে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। এর কারণ হচ্ছে ৭ নভেম্বর। এ কারণেই ৭ নভেম্বর অনেক গুরুত্বপূর্ণ।
বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরে ভূমি প্রতিমন্ত্রী বলেন, আজকে যে বহুদলীয় গণতন্ত্রের চর্চা করছেন, এর সূচনা করেছেন বাংলাদেশের ইতিহাসের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। তিনিই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।
তিনি আরও বলেন, যারা দেশবিরোধী ষড়যন্ত্র করছেন, তারা যদি কাজের সমালোচনা করেন, তাহলে সাধুবাদ জানাব, তাদের কথা শুনব। কিন্তু রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপে জড়িত থাকলে সরকার লাগবে না, আমরা বিএনপি ও অঙ্গসংগঠন তা মোকাবিলা করতেই যথেষ্ট। ১৭ বছর যারা রাজপথে ছিলেন, আজকের কর্মসূচিতে তারা সবাই উপস্থিত আছেন। আমরা রাজপথ থেকে সংসদে গিয়েছি। সংসদ সচিবালয় থেকে রাজপথে আসতে সময় লাগবে না। রাজপথ আমাদের শক্তি, জনগণই আমাদের শক্তি।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইদানীং দেখা যাচ্ছে, ক্ষমতা দেখানোর জন্য অনেকে গুপ্ত ও দোসরদের সঙ্গে রাখছেন। সাবধান হয়ে যান। নিজেদের পরিচয় দিয়ে ১৭ বছর আন্দোলন করেছি এবং ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে মোকাবিলা করেছি। যারা দেশবিরোধী শক্তির সঙ্গে আঁতাত করবে, তাদের কোনো ছাড় নয়, আপস নয়। আমরা দিল্লীও চাই না পিন্ডিও চাই না আমরা চাই সবার আগে বাংলাদেশ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এবং সদস্যসচিব লায়ন হেলাল উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আজিজুল হক চেয়ারম্যান, মুজিবুর রহমান চেয়ারম্যান, আসহাব উদ্দীন চৌধুরী, রেজাউল করিম নেছার, সাইফুদ্দীন সালাম মিঠু, সদস্য ফৌজুল কবির ফজলু, জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে প্রতিমন্ত্রী মীর হেলালের নেতৃত্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে র্যালি বের করা হয়। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলার আট উপজেলার বিভিন্ন সাংগঠনিক শাখা থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে ইদ্রিস মিয়া বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা না করলে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতো। জিয়াউর রহমানের মাধ্যমে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং সংবাদপত্রের স্বাধীনতা পেয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।


