প্রাইম ভিশন ডেস্ক »
ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠীর ৪৩ বছর উপলক্ষে হাটহাজারীর ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতি প্রাঙ্গণে ঐকতান সাংস্কৃতিক উৎসব ও কীর্তিমান সম্মাননা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রতিটি জাতি ও দেশের জন্য সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক আগ্রাসনের ধরন যখন পরিবর্তিত হয়েছে, তখন আমাদেরও নিজেদের সংস্কৃতিকে নতুনভাবে ধারণ করতে হবে। এর জন্য প্রয়োজন নিয়মিত সাংস্কৃতিক চর্চা, অনুপ্রেরণা এবং পৃষ্ঠপোষকতা। কারণ, কোনো শিল্প বা সংস্কৃতিই যথাযথ পৃষ্ঠপোষকতা ছাড়া বিকশিত হতে পারে না। সবাইকে ধন্যবাদ জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে বলেন, নতুন প্রজন্মের শিশু-কিশোরদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগীত, নৃত্য ও সংস্কৃতিচর্চা মানুষের মননশীলতা বিকাশের পাশাপাশি একটি সুন্দর, মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ঐকতানের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী আবিদা সুলতানা ও রফিকুল আলম, হাটহাজারী উপজেলা ইউএনও আবদুল্লাহ আল মুমিন, হাটহাজারী সার্কেল এএসপি তারেক আজিজ, বাংলাদেশ জুয়েলভর্স এসোসিয়েশনের চীফ এডভাইজার যিশু বণিক, পল্লী সংগঠন সমিতির সভাপতি কল্যাণ পাল। স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী সিদ্দিক হোসেন মামুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিপ্লব পাল, লিটন দে, সুমন চৌধুরী, সুজন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি তড়িৎ দাশ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আটজন বিশিষ্ট ব্যক্তিকে কীর্তিমান সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন শিক্ষা ও গবেষনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, সমাজসেবায় পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ মহসিন, সংগীতে রফিকুল আলম ও আবিদা সুলতানা, চলচ্চিত্র ও সংগীত পরিচালনায় সত্য সাহা (মরনোত্তর), গণসংগীতে হরিপ্রসন্ন পাল (মরনোত্তর), এছাড়া ঐকতানের অগ্রযত্রায় অবদানের জন্য ঐকতান সারথি সম্মাননা প্রদান করা হয় পাঁচকড়ি দাশ ও দীপক চৌধুরীকে।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বরেণ্য সংগীতশিল্পী রফিকুল আলম, আবিদা সুলতানা, লাকী গুপ্তা, শেলী ঘোষ, অনন্যা সেন, ও রুম্পা দেবী আবৃত্তি পরিবেশন করেন কলি দাশ ও ফাল্গুনী ঘোষ। এছাড়া ঐকতানের শিল্পীরা সংগীত, নৃত্য, আবৃত্তি ও তবলা লহড়া পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুশান্ত সেন ও উৎসব কুমার শীল।


