প্রাইম ভিশন ডেস্ক »
কক্সবাজারের মহেশখালীতে নির্মিত সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) বা ভাসমান জেটির বাণিজ্যিক কার্যক্রম আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে যাচ্ছে। এটি চালু হলে সমুদ্রে নোঙর করা বড় জাহাজ থেকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি চট্টগ্রামের পতেঙ্গায় জ্বালানি তেল পরিবহন করা সম্ভব হবে। এতে তেল খালাসের সময় ও পরিবহন ব্যয় কমার পাশাপাশি সিস্টেম লসও কমবে। বছরে প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয় হবে বলে আশা করছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। খবর বাসস।
বিপিসি আশা করছে, আগামী জানুয়ারির মধ্যে এসপিএম পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম মোতায়েনের কাজ শেষ হবে। এরপর আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাণিজ্যিক কার্যক্রম শুরু করা যাবে।
বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে এসপিএম চালুর আশা করছে বিপিসি। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে।’
তিনি বলেন, বর্তমানে সমুদ্রে বড় জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে জ্বালানি তেল খালাস করতে হয়। এ প্রক্রিয়ায় অতিরিক্ত সময় ও পরিবহন ব্যয় লাগে। এসপিএম পূর্ণ সক্ষমতায় ব্যবহার করা গেলে লাইটার জাহাজের ওপর নির্ভরতা কমবে। একইসঙ্গে তেল পরিবহনের সময়, ব্যয় ও সিস্টেম লস কমানো সম্ভব হবে। এতে বছরে প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয় হবে।
গত ৫ নভেম্বর এসপিএম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পিটি পার্টামিনা ট্রান্স কন্টিনেন্টালের সঙ্গে চুক্তি করে বিপিসি। ঢাকায় সংস্থাটির লিয়াজোঁ অফিসে পাঁচ বছরের জন্য এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মূল্য ধরা হয়েছে ১২ কোটি ৮০ লাখ ডলার।
বর্তমানে আমদানি করা জ্বালানি তেলবাহী বড় জাহাজ বা মাদার ভেসেল সরাসরি ইস্টার্ন রিফাইনারি পিএলসির (ইআরপিএলসি) জেটিতে ভিড়তে পারে না। চট্টগ্রাম বন্দরের চ্যানেল ও নাব্যতাসংক্রান্ত সীমাবদ্ধতার কারণে এ সমস্যা তৈরি হয়েছে। এসপিএম চালু হলে এ ব্যবস্থায় পরিবর্তন আসবে। বড় জাহাজ থেকে ভাসমান মুরিংয়ের মাধ্যমে সমুদ্রের তলদেশে স্থাপিত পাইপলাইনে সরাসরি মহেশখালীর সংরক্ষণাগারে তেল পাঠানো হবে। সেখান থেকে অপরিশোধিত তেল পাইপলাইনে চট্টগ্রামের পতেঙ্গায় ইআরপিএলসিতে পৌঁছাবে। অন্যদিকে, ডিজেল সরবরাহ করা হবে যমুনা অয়েল কোম্পানির ডিপোসহ সংশ্লিষ্ট স্থাপনায়।
বিপিসির কর্মকর্তারা জানান, প্রচলিত পদ্ধতিতে জ্বালানি তেল পরিবহনে ১১ থেকে ১২ দিন সময় লাগে। এসপিএম চালু হলে তা কমে ৪৮ থেকে ৭২ ঘণ্টায় নেমে আসবে। এতে জাহাজের অপেক্ষার সময় কমবে। পাশাপাশি ছোট লাইটার ট্যাংকারের ব্যবহার কমায় পরিবহন ব্যয় ও সিস্টেম লস কমানোর সুযোগ তৈরি হবে।
দেশের জ্বালানি তেল আমদানি, খালাস ও পরিবহনব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে ৮ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে ‘সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন’ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। বাংলাদেশ ও চীনের মধ্যে সরকারি পর্যায়ে (জি-টু-জি) চুক্তির আওতায় ২০১৮ সালে প্রকল্পের কাজ শুরু হয়। বিপিসির পক্ষে প্রকল্পটি বাস্তবায়ন করে ইআরপিএলসি। ২০২৪ সালের মার্চে নির্মাণ ও কমিশনিংয়ের কাজ শেষ হয়।
প্রকল্পের আওতায় মহেশখালীর পশ্চিমে গভীর বঙ্গোপসাগরে একটি ভাসমান মুরিং স্থাপনা বা বয়া নির্মাণ করা হয়েছে। এ স্থাপনার মাধ্যমে বড় জাহাজ থেকে সরাসরি তেল খালাস করা হবে। মহেশখালী থেকে চট্টগ্রামের পতেঙ্গা পর্যন্ত সমুদ্রের তলদেশ ও স্থলভাগ মিলিয়ে ১১০ কিলোমিটার দীর্ঘ পথে দুটি সমান্তরাল পাইপলাইন স্থাপন করা হয়েছে। পাইপলাইন দুটির মোট দৈর্ঘ্য ২২০ কিলোমিটার। এর একটি দিয়ে অপরিশোধিত তেল এবং অন্যটি দিয়ে পরিশোধিত ডিজেল পরিবহন করা হবে।
প্রতিটি পাইপলাইনে প্রতি ঘণ্টায় ৯০০ ঘনমিটার তেল পাম্প করার সক্ষমতা রয়েছে। অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইনের বার্ষিক নকশাগত সক্ষমতা ৪৫ লাখ টন। অন্য পাইপলাইন দিয়ে মহেশখালীর সংরক্ষণাগার থেকে ডিজেল সংশ্লিষ্ট স্থাপনাগুলোয় সরবরাহ করা হবে।
প্রকল্পের আওতায় মহেশখালীতে পাম্পিং স্টেশন ও ট্যাংক ফার্ম (পিএসটিএফ) নির্মাণ করা হয়েছে। সেখানে রয়েছে ছয়টি বড় সংরক্ষণ ট্যাংক ও প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো। এসব অবকাঠামোর মাধ্যমে আমদানি করা তেল খালাস, সংরক্ষণ ও সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এসপিএম প্রকল্পের আওতায় মহেশখালীতে মোট দুই লাখ টন জ্বালানি তেল সংরক্ষণের সক্ষমতা তৈরি হয়েছে। এর মধ্যে ১ লাখ ২৫ হাজার টন অপরিশোধিত তেল এবং ৭৫ হাজার টন ডিজেল রাখা যাবে।
এসপিএমের অপরিশোধিত তেল পরিবহনের বার্ষিক নকশাগত সক্ষমতা ৪৫ লাখ টন। তবে বর্তমানে ইআরপিএলসির একটি ইউনিটে বছরে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করা যায়। ফলে এখনই পাইপলাইনটির পূর্ণ সক্ষমতা ব্যবহার করা সম্ভব হবে না বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এ সক্ষমতা কাজে লাগাতে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট বা ইআরপিএলসি-২ প্রকল্প বাস্তবায়ন গুরুত্বপূর্ণ। এটি চালু হলে অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা বাড়বে। তখন এসপিএমের মাধ্যমে আরও বেশি তেল পরিবহন ও পরিশোধন করা সম্ভব হবে।
বিপিসির চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, এসপিএম থেকে পূর্ণ সুবিধা পেতে ইআরপিএলসি-২ প্রকল্পের দ্বিতীয় ইউনিট চালু হওয়া গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ইউনিট চালুর সময়সীমা ২০৩০ সালের মধ্যে। এর আগে এসপিএম যাতে কম ব্যবহৃত অবস্থায় না থাকে, সে জন্য বিকল্পভাবে এটি ব্যবহারের উপায় খতিয়ে দেখা হচ্ছে।


