Homeএই মুহুর্তেস্বেচ্ছাসেবক দলের নেতাকে খুনের পর যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

স্বেচ্ছাসেবক দলের নেতাকে খুনের পর যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

প্রাইম ভিশন ডেস্ক »

ময়মনসিংহ নগরীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সুরুজ জামানকে (৩৫) হত্যায় জড়িত সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার গভীর রাতে তাকে মারধর করা হয়। আজ সোমবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত যুবকের নাম মেহেদী হাসান (৩১)। তিনি নগরের বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। তার বড় ভাই জাহাঙ্গীর আলম  কাযক্রম নিষিদ্ধ যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি।

নিহত মো. সুরুজ জামান ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রবিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে সাত বছর বয়সী মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার পথে মজিদ মার্কেট সংলগ্ন রাস্তার মোড়ে পৌঁছালে স্বেচ্ছাসেবক দলনেতা সুরুজ জামানের গতি রোধ করে মেহেদীসহ কয়েকজন দুর্বৃত্ত। এ সময় কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তার বুকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সুরুজ জামানকে হত্যার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী রাতেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করেন। পরে হত্যাকাণ্ডে অভিযুক্ত মেহেদীর বাড়িঘর ভাঙচুর করা হয়। পরে গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদী হাসানকে ধরে পিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন।

একপর্যায়ে মেহেদীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নেয় পুলিশ। পরে সেখানে ভোররাতে মেহেদী হাসানের মৃত্যু হয়। মৃত্যুর পর তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত সুরুজ জামানের বড় ভাই ও ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান কাউছারের অভিযোগ, এলাকায় জমিতে মাটি ভরাট নিয়ে বিরোধের জেরে তার ভাইকে হত্যা করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানিয়েছেন, একই এলাকায় দুই হত্যাকাণ্ডের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে আছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা কাজ করছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়