প্রাইম ভিশন ডেস্ক »
দেশের বাজারে অষ্টম দফায় কমেছে স্বর্ণের দাম। এবার একলাফে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয়েছে ১০ হাজার ৯৫৪ টাকা। এতে ভ্যাটসহ দাম পড়ছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি সমন্বয়ে দাম কমায় এই সমন্বয় করা হয়েছে। আজ সকাল ১০টায় এই দাম কার্যকর হয়েছে।
এর আগে গতকাল ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। গত ৬ নভেম্বর থেকে এ পর্যন্ত আট দফায় দাম ২৮ হাজার ৫০৮ টাকা কমিয়েছে বাজুস।
নতুন তালিকা অনুসারে, এখন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৮৬ টাকা।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪১ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৫ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।
স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে কমেছে রৌপ্যের গহনার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম ৩৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি রৌপ্যের গহনার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।


