প্রাইম ভিশন ডেস্ক »
দেশের এক প্রান্তে উত্তরের পঞ্চগড়, অন্য প্রান্তে দক্ষিণের পর্যটননগরী কক্সবাজার। দুই প্রান্তের মধ্যে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের পাশাপাশি যাত্রার দূরত্ব ও সময় কমাতে রেল নেটওয়ার্ক পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় ১ হাজার ৭৭ কিলোমিটার দীর্ঘ প্রস্তাবিত এ রেল করিডোর বাস্তবায়নে উত্তর ও পূর্বাঞ্চলের পাঁচটি গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। নতুন রেলপথ নির্মাণ, বিদ্যমান লাইনের গেজ পরিবর্তন এবং বিভিন্ন রুটের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে এ পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় রেলওয়ে।
এ লক্ষ্যে বগুড়া-সিরাজগঞ্জ কর্ড লাইন, সান্তাহার-বগুড়া লিংক, ঢাকা-কুমিল্লা কর্ড লাইন এবং পূর্বাঞ্চলের কয়েকটি রেলপথ ডুয়াল গেজে রূপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বিদ্যমান রেল নেটওয়ার্কের দীর্ঘ ঘুরপথ এড়িয়ে অপেক্ষাকৃত সরাসরি পথে ট্রেন পরিচালনা সম্ভব হবে। একই সঙ্গে পঞ্চগড় ছাড়াও রাজশাহী, চিলাহাটি ও অন্যান্য ব্রড গেজ রুট থেকে সরাসরি কক্সবাজার পর্যন্ত ট্রেন চালানোর অবকাঠামোগত সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা।
বর্তমানে উত্তরাঞ্চলের ট্রেনগুলোকে ঢাকার দিকে যেতে ঈশ্বরদী হয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। বগুড়া-সিরাজগঞ্জ কর্ড লাইন ও সান্তাহার-বগুড়া লিংক নির্মিত হলে এ ঘুরপথ প্রায় ১১২ কিলোমিটার কমবে। এতে পঞ্চগড়, বুড়িমারী, লালমনিরহাট, দিনাজপুর ও চিলাহাটিসহ উত্তরাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রীদের প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা সময় সাশ্রয় হতে পারে। কমবে পণ্য পরিবহনের সময় ও ব্যয়ও। বিশেষ করে উত্তরাঞ্চলের কৃষি ও শিল্পপণ্য দেশের অন্যান্য অঞ্চলে পরিবহনে নতুন এ সংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ করিডোরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বগুড়া-সিরাজগঞ্জ ডুয়াল গেজ রেললাইন নির্মাণ প্রকল্প। ৭৬ কিলোমিটার দীর্ঘ এ নতুন রেলপথ নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণে ৯০১ দশমিক ৭৭ একর জমি নির্ধারণ করা হয়েছিল। বগুড়া ও সিরাজগঞ্জ জেলা প্রশাসন অধিগ্রহণ করা জমি রেলওয়েকে বুঝিয়ে দিয়েছে। তবে প্রকল্পের অর্থায়ন ও ব্যয় বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা ছিল। সর্বশেষ গত ৫ অক্টোবর প্রকল্পের প্রথম সংশোধিত প্রস্তাব একনেকে অনুমোদিত হয়েছে। এ রেলপথ চালু হলে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের মধ্যাঞ্চলের যোগাযোগে একটি বিকল্প ও অপেক্ষাকৃত সংক্ষিপ্ত পথ তৈরি হবে।
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের সঙ্গে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের বিভিন্ন রুটের সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ শান্তাহার-বগুড়া অংশ। এ পথে বিদ্যমান মিটার গেজ লাইনের সমান্তরালে ডুয়াল গেজ লাইন নির্মাণ, বিদ্যমান লাইন ব্রড গেজে রূপান্তর এবং শান্তাহার বাইপাস নির্মাণের পরিকল্পনা করছে রেলওয়ে। গত ১৯ নভেম্বর এ প্রকল্পের প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) পর্যালোচনায় রেলপথ মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমাতেও নেয়া হয়েছে পৃথক উদ্যোগ। এ লক্ষ্যে প্রায় ৮১ কিলোমিটার দীর্ঘ ঢাকা-কুমিল্লা কর্ড লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কুমিল্লাকে রাজধানীর শ্যামপুরের সঙ্গে সরাসরি যুক্ত করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার এবং যাত্রার সময় প্রায় ২ ঘণ্টা কমবে বলে আশা করছে রেলওয়ে।
প্রকল্পটির অ্যালাইনমেন্ট চূড়ান্ত হয়েছে। খসড়া সম্ভাব্যতা সমীক্ষা অনুমোদিত হলেও চূড়ান্ত সমীক্ষা ও বিস্তারিত নকশা প্রণয়নের কাজ এগিয়ে চলছে। এ সংযোগ চালু হলে ঢাকা থেকে পূর্বাঞ্চলের বিভিন্ন গন্তব্যে যাতায়াতে বিদ্যমান রেলপথের ওপর নির্ভরশীলতা কমবে। একই সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের মধ্যে রেল যোগাযোগের নতুন পথ তৈরি হবে।
রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঢাকা-কুমিল্লা কর্ড লাইন সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত ও ফ্ল্যাগশিপ প্রকল্প। এ পথে ভূমি অধিগ্রহণের প্রয়োজন কম হওয়ায় বাস্তবায়ন-সংক্রান্ত জটিলতা ও সময়ও তুলনামূলক কম লাগবে। ব্যয় সাশ্রয়ের বিষয়টিও বিবেচনায় নেয়া হয়েছে। তিনি বলেন, ‘রেল ও সড়ক খাতে সরকারের নেয়া প্রকল্পগুলো আগামী পাঁচ বছরে বাস্তবায়ন করা গেলে দেশের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।’
পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চালুর ক্ষেত্রে আরেকটি বড় চ্যালেঞ্জ পূর্বাঞ্চলের রেলপথের গেজের সামঞ্জস্য তৈরি করা। বর্তমানে পশ্চিমাঞ্চলের বড় অংশে ব্রড গেজ এবং পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে মিটার গেজ লাইন রয়েছে। এ অবস্থায় দুই অঞ্চলের রেল নেটওয়ার্কের মধ্যে সরাসরি ট্রেন পরিচালনার জন্য গেজের সামঞ্জস্য নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে চট্টগ্রাম-দোহাজারী, টঙ্গী-আখাউড়া ও লাকসাম-চট্টগ্রাম অংশ ডুয়াল গেজে উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে।
এর মধ্যে চট্টগ্রাম-দোহাজারী মিটার গেজ রেলপথ ডুয়াল গেজে রূপান্তরের প্রকল্প ২০২৩ সালে অনুমোদিত হয়। ২০২৮ সালের জুনে প্রকল্পটি শেষ করার লক্ষ্য রয়েছে। গত ২৬ নভেম্বর প্রকল্পের দুটি পূর্ত প্যাকেজে ৪ হাজার ৬২৯ কোটি টাকার বেশি ব্যয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ প্রকল্পের আওতায় ৩০টি মিটার গেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের ব্যবস্থাও রয়েছে। রেলপথের গেজ পরিবর্তনের পাশাপাশি নতুন লোকোমোটিভ সংগ্রহ করা হলে এ অঞ্চলে ট্রেন পরিচালনার সক্ষমতাও বাড়বে।
অন্যদিকে আখাউড়া-লাকসাম ডাবল লাইন ডুয়াল গেজ প্রকল্প এরই মধ্যে সম্পন্ন হয়েছে। টঙ্গী-আখাউড়া ও লাকসাম-চট্টগ্রাম অংশকে ডুয়াল গেজ ডাবল লাইনে উন্নীত করার প্রক্রিয়াও চলছে। লাকসাম-চট্টগ্রাম অংশের প্রকল্প প্রস্তাব অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন। টঙ্গী-আখাউড়া অংশের ডিপিপি প্রণয়নের কাজও এগিয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চালুর লক্ষ্য নিয়ে প্রকল্পগুলো সমন্বিতভাবে এগিয়ে নেয়া হচ্ছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে শুধু পঞ্চগড় নয়, রাজশাহী, চিলাহাটি ও অন্যান্য ব্রড গেজ রুট থেকেও কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন পরিচালনার সুযোগ তৈরি হবে। এতে পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমবে। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সঙ্গে পর্যটননগরী কক্সবাজারের রেল যোগাযোগও সহজ হবে।’
রেলওয়ের কর্মকর্তারা জানান, দোহাজারী-কক্সবাজার রেলপথ এরই মধ্যে ডুয়েল গেজ হওয়ায় পশ্চিমাঞ্চলের ব্রড গেজ নেটওয়ার্কের সঙ্গে পূর্বাঞ্চলের রেলপথ যুক্ত করা গেলে সরাসরি ট্রেন চালানোর অবকাঠামোগত ভিত্তি তৈরি হবে। এক্ষেত্রে শুধু নতুন রেলপথ নির্মাণ নয়, বিদ্যমান লাইনের গেজ, সক্ষমতা ও সংযোগের সামঞ্জস্য নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চালুর পাশাপাশি উত্তর ও পশ্চিমাঞ্চলের অন্যান্য শহর থেকেও পর্যটননগরীটিতে সরাসরি যাতায়াতের সুযোগ তৈরি হবে।


