প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামে ছয় বছর আগে এক ব্যবসায়ীকে খুনের ঘটনায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং অন্য দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরিফুল আলম ভুঁইয়া রোববার এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কামাল হোসেন ও মো. রাসেল। আর যাবজ্জীবন সাজা হয়েছে লিলু আক্তার রিনা ও সুরমা আক্তারের।
তাদের মধ্যে কামাল হোসেনের স্ত্রী লিলু আক্তার পলাতক। বাকি তিন আসামিকে রায় ঘোষণার পর কারাগারে পাঠানো হয়।
২০১৬ সালের ১৯ নভেম্বর ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকায় জালাল উদ্দিন সুলতান নামের এক ব্যবসায়ীকে শ্বাস রোধের হত্যার পর এ মামলা দায়ের করা হয়।
অভিযোগ প্রমাণিত হওয়ায় দুইজনকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি লাশ গুমের অভিযোগে আসামিদের প্রত্যেককে ২০১ ধারায় ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।”
“আসামিরা সবাই ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। ঘটনা কীভাবে ঘটিয়েছে তা তারাই জানিয়েছে। আমরা ২২ জন সাক্ষী উপস্থাপন করেছি। অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দিয়েছেন আদালত।”
নিহত জালাল উদ্দিন সুলতানের ছেলে ইমাজ উদ্দিন সুলতান ফরহাদ বাদী হয়ে ২০১৬ সালের ২০ নভেম্বর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এ মামলা করেন। ওই বছরের ২৮ মে চারজনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলায় ৩২ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রোববার আদালত এই রায় দিল।


