প্রাইম ভিশন ডেস্ক »
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ভোলার লালমোহনের চারটি মাছ ধরার ট্রলার ডুবে ৪৭ জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার গভীর রাতে বঙ্গোপসাগরের কক্সবাজার ফিশিং গ্রাউন্ড এলাকায় এ ঘটনা ঘটে।
লালমোহন উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, চারটি ট্রলার ডুবে ৬০ জন নিখোঁজ হলেও ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের সুন্দরবন ও হাতিয়া এলাকায় নিরাপদে রাখা হয়েছে। নিখোঁজদের সন্ধান চলছে।
ডুবে যাওয়া বাতির খাল এলাকার এফভি লামিয়া ট্রলারের মালিক হারুন অর রশিদ ফারুক জানান, ১৭ আগস্ট দুপুরে বাতিরখাল ঘাট থেকে ১৩ জনকে নিয়ে গভীর সমুদ্রে যায় তার ট্রলার। শুক্রবার রাত ১০টার দিকে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। একপর্যায়ে আট জেলেকে উদ্ধার করে অন্য ট্রলার। তবে এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন। তারা হলেন- আব্দুল মোতালেব, আবুল কালাম, আরিফ, নিরব ও মাকসুদ।
লর্ডহার্ডিঞ্জ এলাকার বাকি তিনটি ডুবে যাওয়া ট্রলারের পাঁচজনকে উদ্ধার করে নোয়াখালীর হাতিয়ায় রাখা হয়েছে। বাকি ৪২ জেলের এখনো সন্ধান পাওয়া যায়নি বলে জানান ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া।


