প্রাইম ভিশন ডেস্ক »
আবারও বন্দরনগরী চট্টগ্রামের অনেক এলাকা টানা বর্ষণে পানিতে ডুবে গেছে। জলাবদ্ধতার কারণে প্রথম দিনের চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা এক ঘণ্টা দেরিতে শুরু হয়। পরীক্ষা কেন্দ্রে আসতে শিক্ষার্থী ও অভিভাবকদের পোহাতে হয় চরম দুর্ভোগ।
রোববার (২৭ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দফতর থেকে জানানো হয়, ২৬ আগস্ট দিবাগত রাতের অতি বৃষ্টির কারণে চট্টগ্রাম শহরে সৃষ্ট জলাবদ্ধতায় আজ ২৭ আগস্ট থেকে শুরু হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে, সিটি করপোরেশন এলাকার ২৭টি পরীক্ষা কেন্দ্র ও হাটহাজারী ও ফতেয়াবাদ কলেজ কেন্দ্রে পরীক্ষা এক ঘণ্টা বিলম্বে শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের ফেসবুক পেইজে বলা হয়, যে সমস্ত কেন্দ্রে শিক্ষার্থীদের পৌঁছাতে সমস্যা হচ্ছে সেগুলোতেও অনুরূপ নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে বিলম্ব হলেও পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ নিশ্চিত করার জন্যে কেন্দ্র প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরেও সব কেন্দ্রের সঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যোগাযোগ অব্যাহত আছে বলে জানায় মন্ত্রণালয়।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল দাস বলেন, মৌসুমি বায়ুর প্রভবে শনিবার মধ্যরাত থেকে চট্টগ্রামে ভারী বর্ষণ হচ্ছে। রোববার সকাল ১০টা পর্যন্ত ৮৩ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এদিকে রাতভর ভারী বর্ষণে আবার ডুবেছে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা। রোববার (২৭ আগস্ট) সকালে ঘুম থেকে উঠে জলমগ্ন হয়ে পড়ার দৃশ্য দেখে নগরীর মানুষ। কিছু এলাকার সড়ক ও ভবন পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরীর বাসিন্দারা।
নগরবাসীরা জানান, বৃষ্টি ও জলজটে একাকার বহদ্দারহাট ও মুরাদপুর এলাকা। তলিয়ে গেছে সড়ক ও অলিগলি। ড্রেনের ময়লা-আবর্জনা ও নোংরা পানি সড়কে উঠে যায়। ড্রেনেজ ব্যবস্থা অচল থাকায় পানি সরতে না পেরে অনেক ঘর ও দোকানপাটের ভেতর পানি ঢুকে যায়।
বৃষ্টিতে কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকা মোহরা, হামিদচর, চর রাঙামাটিয়া, চান্দগাঁও, বাকলিয়া, চকবাজার, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাদুরতলা, বহদ্দারহাট, বাস টার্মিনাল, কাপ্তাই রাস্তার মাথা, খাজা রোড, মিয়াখান নগর, প্রবর্তক মোড় ডুবে গেছে।
এছাড়া আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, শান্তিবাগ আবাসিক, চান্দগাঁও, বাকলিয়া, চাক্তাই-খাতুনগঞ্জ, রিয়াজ উদ্দিন বাজারসহ নগরীর নিচু এলাকার সড়কগুলোতে হাঁটুপানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতা দেখা দেয় মেহেদীবাগ, ষোলশহর ২ নম্বর গেট, মুরাদপুর, ছোটপুল-বড়পুল, গোসাইলডাঙ্গা ও হালিশহরের বিভিন্ন এলাকায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকার জলাবদ্ধতা ও পানিবন্দি মানুষের দুর্ভোগের চিত্র পোস্ট করেছেন অনেকে।


