প্রাইম ভিশন ডেস্ক »
১২ শ শয্যার হাসপাতালসহ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো স্থাপনে চূড়ান্ত অগ্রগতি হয়েছে। সরকার বিশ্ববিদ্যালয় প্রকল্প বাস্তবায়নের জন্য এক হাজার ৮৫১ কোটি ৫৯ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করেছে। ২০২৭ সালের মধ্যে পূর্ণাঙ্গ অবকাঠামো নিয়ে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় যাত্রা করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এক সভায় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণে এক হাজার ৮৫১ কোটি ৫৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন ২৩ দশমিক ৯২ একর জমি হাসপাতালসহ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের জন্য বরাদ্দ আছে।
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া বলেন, ‘আমরা এতদিন স্বল্প পরিসরে অ্যাকাডেমিক কার্যক্রম চালিয়ে নিচ্ছিলাম। এই প্রথম বিশ্ববিদ্যালয় থেকে নেয়া একটি প্রকল্প একনেক সভায় পাস হয়েছে। এখন পর্যায়ক্রমে অবকাঠামো নির্মাণের জন্য টাকা ছাড় হবে। চার বছর অর্থাৎ ২০২৭ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। এর মধ্যে দিয়ে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ রূপ পাবে।’
প্রকল্প বিবরণ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ১২ শ শয্যার ১৫ তলা হাসপাতাল হবে। এতে চিকিৎসকদের পোস্ট-গ্র্যাজুয়েট কোর্স চালুর জন্য ১০ ফ্যাকাল্টিসহ ৬৯টি চিকিৎসা বিভাগ থাকবে।
আলাদাভাবে প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন এবং ডিনস অফিস, কেন্দ্রীয় লাইব্রেরি, ক্যাফটেরিয়া, টিএসসি, প্রার্থনা কক্ষ, কনভেনশন হল এবং টিচার্স ক্লাব নির্মাণ করা হবে। এছাড়া সংলগ্ন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতাল ভবন বিদ্যমানের চেয়ে আরও পাঁচতলা বাড়িয়ে মোট দশতলা করা হবে।
উপাচার্যের দ্বিতল বাংলো, প্রোভিসি, ট্রেজারার, ডক্টরস এবং অফিসার্স কোয়ার্টার হিসেবে একটি ১৫ তলা ভবন, একটি ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাস, নার্সেস ডরমিটরি নির্মাণ করা হবে।


