প্রাইম ভিশন ডেস্ক »
কালুরঘাট সেতুর ওপর দিয়ে ট্রেনের পাশাপাশি প্রথমবারের মতো ওয়াকওয়ে দিয়ে হেঁটে পার হচ্ছেন পথচারীরা। ১৯৩০ সালে কর্ণফুলী নদীর উপর নির্মিত কালুরঘাট সেতুটির বর্তমান বয়স ৯৪ বছর চলছে। সেতু নির্মাণের ৯৩ বছর পর রেল কর্তৃপক্ষ সেতুর উপর দিয়ে পথচারী পারাপারের জন্য নির্মাণ করেছে ওয়াকওয়ে।
এখন সেতুর উপর দিয়ে ট্রেনের পাশাপাশি একসাথে ওয়াকওয়ে দিয়ে পথচারীরাও পায়ে হেঁটে পার হচ্ছেন। সেতুর সংস্কার কাজ পুরোপুরি শেষ না হলেও ঈদের আগে থেকে ওয়াকওয়ে দিয়ে উভয় পাড়ের মানুষ চলাচল করছে।
রেলওয়ের প্রকৌশলীরা জানান, প্রায় ৪৩ কোটি টাকা ব্যয়ে বুয়েট প্রকৌশলীদের পরামর্শে সংস্কার করা হচ্ছে কালুরঘাট সেতু। সংস্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে। সংস্কারের প্রথম ধাপ শেষ করে গত বছরের ১ ডিসেম্বর থেকে কক্সবাজারগামী ট্রেন চলাচল শুরু হয়। যানবাহন চলাচল ও পথচারী চলাচলের জন্য ওয়াকওয়ে নির্মাণ করতে সময় লাগে দীর্ঘদিন। কালুরঘাট রেল সেতু যানবাহন ও পথচারী চলাচলের জন্য প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত। আগামী জুলাই–আগস্টে সেতুর উপর দিয়ে যানবাহনও চলাচল করতে পারবে বলে জানা গেছে।


