প্রাইম ভিশন ডেস্ক
চাঁদপুরের ফরিদগঞ্জের আলোচিত সন্ত্রাসী মো. মাসুদুল করিম ওরফে ‘কিলার মাসুদ’কে চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকাই আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত গ্যাংস্টার পিচ্চি হান্নানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত তিনি। মাসুদ একটি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। বুধবার সন্ধ্যায় ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মাসুদুল করিম ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামের মৃত আবদুল হালিম ভূঁইয়ার ছেলে। পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করার পর ফরিদগঞ্জ থানার এসআই জুমায়েত হোসেন ও এএসআই মাসুদ আলম ডবলমুরিং থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে একটি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
পুলিশের ভাষ্য, ২০০৪ সালের ২৬ জুন রাতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পিচ্চি হান্নান নিহত হওয়ার পর তার ঘনিষ্ঠ কিলার মাসুদ আত্মগোপনে চলে যান। এর আগে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, কিলার মাসুদ একসময় ফরিদগঞ্জে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দায়িত্ব পালন করেছেন উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্বও। ওই সময়ে এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে তার পরিচিতি ছিল বলে দাবি করেন স্থানীয়রা।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, ‘ফরিদগঞ্জ ও চট্টগ্রামের ডবলমুরিং থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হয় কিলার মাসুদ। বর্তমানে তাকে ফরিদগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হবে।


