প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র ডা. শাহাদাত হোসেন সেবক হয়ে কাজ করার আকাঙ্খা জানিয়ে দলীয় নেতাকর্মী ও নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন তিনি।
তিনি বলেন, নগরসেবক হিসেবে আপনাদের কাছে থাকতে চাই। এই ৭০ লক্ষ মানুষের মধ্যে সকল ধর্মের, বর্ণের, ভাষার নাগরিক এই চট্টগ্রাম শহরে আছে। আমি ইনশাআল্লাহ তাদের পাশে থেকে সেবক হিসেবে কাজ করে যতে চাই। আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।’
মঙ্গলবার (৫ নভেম্বর) চট্টগ্রাম নগরের পুরাতন রেলওয়ে স্টেশনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘গত ১৮টি বছর আপনারা ঘরে থাকতে পারেননি। আপনাদের পরিবারের খোঁজ নেওয়ার মানুষ ছিল না। আপনাদের পরিবারের বাজার করার টাকা ছিল না। অর্ধহারে-অনাহারে দিন কাটিয়েছেন। এ অসহায়ত্ব আমি দেখেছি ভাইয়েরা-বোনেরা। আপনাদের এই ঋণ আমি শোধ করতে পারবো না। সারাদেশে অসংখ্য মানুষ বিচারবহির্ভূতভাবে হত্যার শিকার হয়েছেন। নির্যাতন-মামলার শিকার হয়েছে। চট্টগ্রামসহ সারা দেশের এক লাখ মামলায় ৬০ লাখ আসামি। কিন্তু তারপরও আপনারা আদর্শ থেকে বিচ্যুত হননি।
এর আগে বেলা ১২টার দিকে সোনার বাংলা ট্রেনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্লোগানে স্লোগানে অভিবাদন জানিয়ে পুরাতন রেলওয়ে স্টেশনে আয়োজিত সংবর্ধনা মঞ্চে নিয়ে আসেন।


