বুধবার, মে ১৩, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামক্যানসার নির্ণয়ের অত্যাধুনিক মেশিন চালু হচ্ছে চমেকে

ক্যানসার নির্ণয়ের অত্যাধুনিক মেশিন চালু হচ্ছে চমেকে

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সংলগ্ন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সে (ইনমাস) ক্যানসার নির্ণয়ের অত্যাধুনিক পেট–সিটি (পজিট্রন ইমিশন টোমোগ্রাফি) ল্যাব আগামী বছরের মার্চের দিকে স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীনে সাইক্লোট্রন (রেডিও আইসোটোপ উৎপাদনকারী মেশিন) স্থাপনের জন্য ভবনের নিচে বাঙ্কার তৈরি করা হয়েছে। সাইক্লোট্রন মেশিনসহ প্রয়োজনীয় প্রয়োজনীয় যন্ত্রপাতির জন্য এলসি (ঋণপত্র) করা হয়েছে।

আগামী বছরের শুরু থেকে এসব যন্ত্রপাতি আসা শুরু হবে। তারপর থেকে ল্যাব স্থাপনের কাজ শুরু হবে। সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম সরকারি–বেসরকারি পর্যায়ের কোথাও পেট–সিটি ল্যাব না থাকায় ক্যানসার নির্ণয়ের এই অত্যাধুনিক পরীক্ষার জন্য ঢাকায় দৌড়ঝাঁপ করতে হচ্ছে রোগীদের। অনেক রোগী ঢাকায় যাতায়াতের ধকল নিতে না পারার কারণেও পরীক্ষাটি করতে পারছেন না।

ফলে প্রায়শ চিকিৎসকদের কিছুটা ধারণার ভিত্তিতেও রেডিওথেরাপি কিংবা কেমোথেরাপির মতো চিকিৎসা দিতে হচ্ছে। অথচ পেট–সিটি পরীক্ষা করানো গেলে রোগীর ক্যানসার আক্রান্ত কোষের উৎপত্তি এবং কোথায় কোথায় এই ক্যানসার কোষ ছড়িয়েছে, সেটি বিস্তারিত জানা সম্ভব হয়। এছাড়া ক্যানসার চিকিৎসাও আরো নিখুঁতভাবে দেয়া যাবে। তবে সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে পেট–সিটি ল্যাব পুরোদমে চালু করা সম্ভব হবে বলছেন চিকিৎসকরা।

ক্যান্সার বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বে ৯০ শতাংশের বেশি ক্যান্সার শনাক্ত করা হয় পজিট্রন ইমিশন টমোগ্রাফি (পিইটি) ও সিঙ্গেল প্রোটন ইমিশন কম্পিউটেড টমোগ্রাফি (এসপিইসিটিসিটি) প্রযুক্তি ব্যবহার করে। পেট–সিটির মাধ্যমে দ্রুত ক্যানসার শনাক্ত করা সম্ভব, তাই এটি আধুনিক প্রযুক্তির অন্যতম উদাহরণ। পেট সিটি অন্যান্য ইমেজিং টেকনোলজি যেমন এক্স–রে, সিটি স্ক্যান, আলট্রাসনোগ্রাম, এমআরআই প্রভৃতি প্রযুক্তি থেকে ভিন্নমাত্রার। কারণ ওইগুলো শুধু শরীরে টিউমারের আকার, আকৃতি, অবস্থান সম্পর্কে ধারণা দেয়। কিন্তু পেট সিটি ক্যানসার (ম্যালিগন্যান্ট টিউমার) বা ক্যানসার নয় (বিনাইন টিউমার) দুটো সম্পর্কেই ধারণা দিতে সক্ষম। পেট একটি টিউমারের বিপাক ক্রিয়া এবং সিটি ওই টিউমারের গঠনগত পরিবর্তন নির্ণয় করে। এই দুটি অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে গঠিত স্ক্যানারে একটি ফিউশন ইমেজ একই সময়ে পাওয়া যায়। এই দুটো ইমেজের সমন্বিত ইমেজটি একজন অভিজ্ঞ চিকিৎসককে শরীরের যেসব স্থানের কোষগুলো বেশি সক্রিয় অর্থাৎ ক্যানসার আক্রান্ত কোষগুলো খুঁজে বের করতে সাহায্য করে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়