মঙ্গলবার, মে ১২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেনে প্রশস্তকরণের কাজ শুরু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেনে প্রশস্তকরণের কাজ শুরু

প্রাইম ভিশন ডেস্ক »

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার চুনতির জাঙ্গালিয়ায় শুরু হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেনে প্রশস্তকরণের কাজ। আজ মঙ্গলবার (১২ মে) সকালে চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের অধীনে ৯০০ মিটার মহাসড়ক ৪ লেনে প্রশস্তকরণ কাজের উদ্বোধন করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া ও লোহাগাড়া অংশ প্রশস্তকরণ কাজ ৩টি প্যাকেজে চলমান রয়েছে। প্রথম প্যাকেজটি সাতকানিয়া রাস্তার মাথা থেকে শুরু হয়ে লোহাগাড়ার রাজঘাটা এলাকা পর্যন্ত ৮ দশমিক ৪ কিলোমিটার। এর ঠিকাদারি প্রতিষ্ঠান এম.এ.এইচ কনস্ট্রাকশন এবং প্রকল্প ব্যয় ৩৫ কোটি টাকা। দ্বিতীয় প্যাকেজ লোহাগাড়ার রাজঘাটা এলাকা থেকে চুনতি মিঠার দোকান এলাকা পর্যন্ত। ৭ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়ক প্রশস্তকরণে ৩৪ কোটি টাকা বরাদ্দ পেয়ে এই প্যাকেজের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম.এ কনস্ট্রাকশন।

তৃতীয় প্যাকেজটি লোহাগাড়ার চুনতি মিঠার দোকান থেকে চুনতি জাঙ্গালিয়া এলাকা পর্যন্ত। ৬ কিলোমিটার দৈর্ঘ্যের ৩০ কোটি টাকা বরাদ্দে এই প্যাকেজের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম.এ.এইচ কনস্ট্রাকশন। যে প্যাকেজের আওতায় চুনতি জাঙ্গালিয়া এলাকায় প্রায় ১ কিলোমিটার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীত করা হচ্ছে।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ জানান, বর্তমানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের প্রস্থ ২১ ফুট। এটিকে ৩৪ ফুটে প্রশস্ত করার জন্য সাতকানিয়া রাস্তার মাথা থেকে চুনতি জাঙ্গালিয়া পর্যন্ত উভয় পাশে কোথাও ৬ ফুট, কোথাও ৭ ফুট করে বর্ধিত করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ বাঁকে ১০-১২ ফুট বর্ধিত করা হবে। এছাড়া চুনতি জাঙ্গালিয়া এলাকায় ৯০০ মিটার (প্রায় ১ কিলোমিটার) অংশ মাঝখানে ডিভাইডার রেখে ৪ লেনে উন্নীত করা হবে। এছাড়াও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেনে প্রশস্তকরণ কাজ দ্রুত গতিতে এগিয়ে যাবে।

এদিকে জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীত করার কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে স্থানীয় এলাকাবাসী, চালক ও যাত্রীরা। তারা জানিয়েছেন, কোরবানির ঈদের আগে কাজ শেষ করতে পারলে দুর্ঘটনা অনেক কমে যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়