প্রাইম ভিশন ডেস্ক »
সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সরকারি পাহাড় দখল করে গড়ে তোলা অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন। এক মাসের মধ্যেই সলিমপুরকে অবৈধ দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।
উচ্ছেদ অভিযানে আলী নগরে ১৭৫ টি স্থাপনা উচ্ছেদ করে ৭০০ একর পাহাড়ি জমি উদ্ধার করা হয়েছে। উচ্ছেদের সময় আলীনগরে সরকারি জমিতে ইয়াসিনের নির্মিত অফিস, ঘর এবং তার বিশেষ টর্চার সেল (এখানে ইয়াসিনের বিরুদ্ধে যারা যেতো তাদেরকে নির্মম অত্যাচার করা হতো) গুড়িয়ে দেয়া হয়।
মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে জঙ্গল সলিমপুরের দুর্গম আলীনগর পাহাড়ে উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান ও পুলিশ সুপার এস এম রশিদুল হকের উপস্থিতিতে অভিযান চালানো হয়।
চট্টগ্রামের ফৌজদারহাট-বায়েজিদ সংযোগ সড়ক থেকে আনুমানিক তিন কিলোমিটার ভেতরে আলীনগর পাহাড়ে বিকেল তিনটা থেকে অভিযান শুরু হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযানে র্যাব-পুলিশ-আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ২০০ সদস্য জেলা প্রশাসনের কর্মীদের সঙ্গে অংশ নেন।
জেলা প্রশাসক মমিনুর রহমান সাংবাদিকদের বলেন, ‘জঙ্গল সলিমপুরে ৩১০০ একর সরকারি খাস পাহাড়ি জমি আছে। সেখান থেকে আমরা অবৈধ দখলদারদের সরাতে উচ্ছেদ অভিযান শুরু করেছি। সরকারি ভূমি অবৈধ দখলমুক্ত করা হবে।
জঙ্গল সলিমপুরে দক্ষিণ এশিয়ার প্রথম ‘নাইট সাফারি পার্ক’, স্পোর্টস ভিলেজ, ক্রিকেট স্টেডিয়াম, আইকনিক মসজিদ, ইকো পার্কসহ বিভিন্ন স্থাপনা করার কথা রয়েছে।


