Friday, June 26, 2026
spot_img
Homeবাণিজ্যআটা-ময়দার রেকর্ড দাম বৃদ্ধি

আটা-ময়দার রেকর্ড দাম বৃদ্ধি

প্রাইম ভিশন ডেস্ক »

গত এক সপ্তাহে নতুন করে আটা-ময়দার দাম কেজিপ্রতি ১২-২৫ টাকা বেড়েছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের বাজার ফের অস্থির হয়ে উঠেছে।

খুচরা বিক্রেতারা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ভারতের গম রপ্তানি বন্ধের প্রেক্ষিতে আটা-ময়দার দাম এর আগে হঠাৎ বেড়েছিল। তবে সে সময়ও এক সপ্তাহে এতোটা বাড়েনি।

শুধু আটা-ময়দা নয় বাড়ছে তেল চিনিসহ অন্যান্য নিত্যপণ্যের দামও। গত মঙ্গলবার থেকে ভোজ্যতেল রিফাইনাররা লিটারে ৯ টাকা পর্যন্ত বাড়িয়েছ সয়াবিন ও পাম তেলের দাম। ইতিমধ্যে চিনির দাম কেজিপ্রতি ৫-৭ টাকা বেড়েছে, দু-একদিনের মধ্যে চিনির দামও আরো বাড়বে বলে জানিয়েছেন বিক্রেতারা।
বাজারের এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে ওঠেছে নিম্ন ও মধ্য আয়ের সাধারণ মানুষ। তবে দাম কমায় ফের বিক্রি বেড়েছে ডিমের।

বিক্রেতারা বলছেন, হঠাৎ দাম বেড়ে যাওয়ায় অনেকে ডিম খাওয়া কমিয়ে দিয়েছিলেন। এখন দাম কমে আসায় আবার বিক্রি আগের মতো বেড়েছে।

বাজার ঘুরে দেখা যায়, বসুন্ধরা, তীর, ফ্রেশ, ইফাদ, এসিআইসহ বিভিন্ন ব্র্যান্ডের ২ কেজি আটার প্যাকেট বিক্রি হচ্ছে ১১৫-১২৬ টাকা কেজি। গত সপ্তাহে এসব আটার দাম ছিল ৯০-১০২ টাকা। সে হিসেবে প্যাকেট আটার দাম কেজিপ্রতি ১২ টাকার বেশি বেড়েছে। প্যাকেট আটার সঙ্গে সঙ্গে বেড়েছে খোলা আটার দামও। গত সপ্তাহে প্রতিকেজি খোলা আটা বিক্রি হয়েছিল ৪৫-৪৮ টাকা কেজি, যা বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজারে বিক্রি হয়েছে ৫০-৫৫ টাকা কেজি। অর্থাৎ প্রতিকেজি খোলা আটার দাম বেড়েছে ৫-৭ টাকা।

বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের ২ কেজির ময়দা বিক্রি হচ্ছে ১৪৮-১৬৪ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ৯৮-১২৫ টাকা কেজি। অর্থাৎ কেজিপ্রতি ময়দার দাম বেড়েছে ১৯-২৫ টাকা।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবমতে, গত এক মাসে আটা-ময়দার দাম বেড়েছে ২৮ শতাংশ। এক বছরে বেড়েছে ৬৪ শতাংশ।

ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে গমের দাম কমলেও গত মে মাস থেকে আমদানি বন্ধ থাকায় দেশে গমের মজুদ শেষ হয়ে আসছে। ফলে গমের দাম বাড়তে থাকায় আটা-ময়দার দামও বাড়ছে।

এদিকে চিনির দাম আরো বেড়েছে চলতি সপ্তাহে। গত সপ্তাহ পর্যন্ত চিনি বিক্রি হয়েছিল ৮৮-৯০ টাকা কেজি। চলতি সপ্তাহে ৯০ টাকার নিচে চিনি মিলছে না কোথাও। প্যাকেট চিনি বিক্রি হচ্ছে ৯৫ টাকা কেজি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়