প্রাইম ভিশন ডেস্ক »
অভিনয়ে প্রতিনিয়ত নিজেকে ভেঙে নতুন চরিত্রে পর্দায় তুলে ধরতে চান তিনি। সে ভাবনা থেকেই এবার তিনি বেছে নিয়েছেন ভালোবাসা ও দাম্পত্যের নতুন এক গল্প। নাটকের নাম মনের মতো বউ।
পারিবারিক ও দাম্পত্য জীবনের টানাপড়েনের এ নাটকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে মারিয়া শান্তাকে। এতে তার বিপরীতে জুটি বেঁধেছেন অভিনেতা নিলয় আলমগীর। নাটকটিতে আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এজাজুল ইসলাম ও শামীমা নাজনীন। সাইফুল ইসলামের কাহিনী নিয়ে নাটকটি পরিচালনা করেছেন মিতুল খান।
এর আগে ‘হঠাৎ কোটিপতি’, ‘কঞ্জুস কাপল-২’, ‘বিয়ে করে ভুল করেছি’, ‘সুইট প্রেমিক’ ও ‘কোটি টাকার চেয়ারম্যান’সহ বেশকিছু একক নাটক নির্মাণ করে দর্শকের মনোযোগ কেড়েছিলেন নির্মাতা মিতুল খান।
মারিয়া শান্তা জানান, নির্মাতার আগের কাজগুলোর প্রতি ভালো লাগা থেকেই এবার তার নির্দেশনায় ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন।
নাটকের গল্প ও নিজের চরিত্র প্রসঙ্গে মারিয়া শান্তা বলেন, ‘বিয়ের মধ্য দিয়েই মানুষের জীবনের নতুন এক অধ্যায় শুরু হয়। দাম্পত্যের সে অধ্যায়গুলো স্বামী-স্ত্রীর ভিন্নমত ও মান-অভিমানকে ঘিরে বেশ ঘটনাবহুল হয়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে প্রতিনিয়ত জন্ম নেয় নতুন সব গল্প। মনের মতো বউ তেমনই এক চেনা জীবনের গল্প।’ নাটকটির গল্প, চরিত্র ও নির্মাণ সব মিলিয়ে এটি দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন বা গ্ল্যামার দুনিয়ার পাশাপাশি মারিয়া শান্তা এখন ব্যস্ত সময় পার করছেন ভিন্ন ধাঁচের গল্প ও চরিত্রের নাটকে। চলতি বছর ‘বোবা কান্না’, ‘শুধু কবিতার জন্য’, ‘বায়ান্ন পাতার প্রেম’, ‘সুখবিলাশ’ ও ‘সানগ্লাস’-সহ বেশকিছু নাটকে অভিনয় করে এরই মধ্যে দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছেন এ অভিনেত্রী।


