প্রাইম ভিশন ডেস্ক
হিন্দি ধারাবাহিকের খ্যাতনামা অভিনেত্রী অদিতি শর্মার সংসারে ভাঙনের সুর। স্বামী ও শ্বশুরবাড়ির স্বজনদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন, চরিত্র হনন এবং গহনা আত্মসাৎ করার মারাত্মক অভিযোগ তুলে মুম্বাইয়ের গুরগাঁও থানায় এফআইআর করেছেন এই অভিনেত্রী।
পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে অদিতি শর্মা জানান, ২০২১ সালের জুন মাসে একটি অনলাইন অভিনয় কর্মশালায় অভিণীত বিদ্যানন্দ কৌশিকের সাথে তার প্রথম পরিচয় হয়। বন্ধুত্ব থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।
এরপর ২০২৪ সালের সেপ্টেম্বরে তারা গুরগাঁওতে একসাথে থাকা শুরু করেন এবং সেই বছরেরই ১২ নভেম্বর দুই পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
তবে বিয়ের কয়েক দিন যেতে না যেতেই পাল্টে যায় স্বামীর রূপ। ছোটখাটো বিষয়, এমনকি তার পোশাক পরা নিয়েও শুরু হয় বাকবিতণ্ডা। সংসারের খরচে সহযোগিতা না করে উল্টো অদিতির থেকে নিয়মিত টাকা আদায় করতেন তার স্বামী।
অদিতি অভিযোগে জানান, ২০২৫ সালের ১ জানুয়ারি কফি খাওয়া নিয়ে তর্কের এক পর্যায়ে তাকে মারাত্মক গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এরপর থেকে তার চরিত্র নিয়ে সন্দেহ করতে শুরু করেন স্বামী।
পরকীয়ার মিথ্যা অপবাদ দেওয়া, মোবাইল চেক করা এবং অবশেষে আলাদা ঘরে ঘুমাতে শুরু করেন অভিণীত। এমনকি অদিতিকে তার নিজ বাবা-মায়ের সাথেও যোগাযোগ করতে দেওয়া হতো না।
কেবল স্বামীই নন, শাশুড়ি উর্মিলা কৌশিক এবং ননদ কীর্তি কৌশিকের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ এনেছেন অদিতি। বিয়ের সোনার চেইন, হিরের আংটি, মঙ্গলসূত্র ও বালাসহ সব মূল্যবান গহনা তার শাশুড়ি জোরপূর্বক আটকে রেখেছেন এবং বারবার চাওয়া সত্ত্বেও ফেরত দেননি বলে অভিযোগ অদিতির।
গত ৩১ জুলাই অদিতির দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী অভিণীত, শাশুড়ি এবং ননদের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা ও নারী নির্যাতনের ধারায় এফআইআর দায়ের করেছে।
পুরো বিষয়টি খতিয়ে দেখতে গুরগাঁও থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এই বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য এখনো সামনে আসেনি।


