প্রাইম ভিশন ডেস্ক »
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে পরিচিতি পাওয়া গায়ক আকবর আলী গাজী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউনা)। আজ রোববার দুপুর ৩টা ৫ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আকবরের স্ত্রী কানিজ ফাতেমা এ তথ্য নিশ্চিত করেন।
কানিজ ফাতেমা বলেন, অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন গায়ক আকবর। কিডনির জটিলতায় তার শরীরে পানি জমেছিল। এ কারণে আকবরের ডান পা নষ্ট হয়ে যায়। ফলে সম্প্রতি তার পা কেটে ফেলে দেওয়া হয়েছে।
অনেক দিন ধরেই আকবরের চিকিৎসা চলছিল। রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি থাকা আকবরকে গত ৯ নভেম্বর ‘লাইফ সাপোর্টে’ নেওয়া হয়েছিল।
উল্লেখ্য, রিকশা চালিয়ে হিসেবেই জীবিকা নির্বাহ করতেন আকবর। ২০০৩ সালে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গেয়ে আলোচনায় আসেন তিনি। পরে ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি জনপ্রিয়তা এনে দেয় এই শিল্পীকে।


