শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেকক্সবাজারে ৪ মাদক কারবারির মৃত্যুদণ্ড

কক্সবাজারে ৪ মাদক কারবারির মৃত্যুদণ্ড

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে এক রোহিঙ্গাসহ চারজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার করে অর্থদণ্ড দেয়া হয়েছে। আজ বুধবার কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩ এর ব্লক-এইস-১৬ এর মো. আয়াজ (৩৪), সদর ঝিলংজা ইউনিয়নের ২নং ওয়ার্ডের আবুল কালাম (৩৭), খাগড়াছড়ি জেলার মানিকছড়ির পঞ্চরাম পাড়ার আজিমুল্লাহ (৪৩) এবং একই এলাকার আবুল কালাম (৩৭)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গিয়েছে, ২০২০ সালের ২৩ আগস্ট সন্ধ্যায় র‍্যাব-১৫ এর একটি দল অভিযান চালিয়ে কক্সবাজার শহরের মাঝির ঘাটের খুরুশকুল ব্রিজ এলাকায় একটি ফিশিং বোট আটক করে। একইসঙ্গে নৌকায় থাকা আয়াজ ও বিল্লালকে আটক করে। তখন র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে আরো ৪-৫ জন দৌড়ে পালিয়ে যায়। পরে ফিশিং বোট তল্লাশি করে ১৩ লাখ ইয়াবা ট্যাবলেট ও ১০ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়। ফিশিং বোটটিও জব্দ করা হয়।

এ ঘটনায় র‍্যাব-১৫ এর নায়েব সুবেদার মো. হারুনুর রশীদ বাদী হয়ে উল্লেখিত দুজনসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১ ধারায় কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনাস্থল থেকে ধৃত আয়াজ ও বিল্লাল অপরাধ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। সেখানে তারা পলাতক আজিমুল্লাহ ও আবুল কালামের নাম-ঠিকানা প্রকাশ করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ও র‍্যাব-১৫ এর এসআই মোহাম্মদ সোহেল সিকদার ২০২১ সালের ১০ জুন আদালতে মামলাটির অভিযোগপত্র ‍জমা দেন।

রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলার চার আসামির সবার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই আদালত সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। এই রায়ের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের কাছে কঠোর বার্তা দেয়া হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়