Homeএই মুহুর্তেজঙ্গি ছিনতাইয়ের ঘটনাটি স্রেফ দুর্ঘটনা: পররাষ্ট্রমন্ত্রী

জঙ্গি ছিনতাইয়ের ঘটনাটি স্রেফ দুর্ঘটনা: পররাষ্ট্রমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘পুলিশের চোখে স্প্রে করে জঙ্গি ছিনতাইয়ের ঘটনাটি স্রেফ দুর্ঘটনা। এ দেশের আইনশৃঙ্খলা বাহিনী খুবই দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে। এ ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে না। এটি সব দেশেই ঘটে।’

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে সিলেট জেলা স্টেডিয়ামে জেলা সাহিত্য মেলায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি বিদেশি রাষ্ট্রদূতদের কিছু মন্তব্যের বিষয়ে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সম্পর্কে বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্য করতে বাধ্য করছে কিছু গণমাধ্যম। আমাকে কিছু কিছু রাষ্ট্রদূত জানিয়েছেন, এ বিষয়ে তারা কিছুই জানেন না, কিছু কিছু সাংবাদিক তাদের প্রশ্ন করে উত্তর দিতে বাধ্য করে।’ নিজের ঘরের বিষয় অন্যের কাছে বলাটা লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘অন্য কোনো দেশের মানুষ নিজেদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশি কূটনীতিকদের কাছে জানতে চান না। এখন কিন্তু আমরা কলোনিয়াল দেশ না, আমরা কলোনি না। সুতরাং তাদের (রাষ্ট্রদূত) সেটি মনে রাখতে হবে। তারা তাদের রীতি অনুযায়ী, নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠিত যে রীতি, সেটা মেনে চলবেন।’

বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ প্রসঙ্গে আব্দুল মোমেন বলেন, ‘বিএনপির সমাবেশে জনসমাগম নিয়ে তারা নিজেরাই হতাশ। তাদের ইচ্ছা ছিল, আন্দোলন শুরু করার। তারা ব্যর্থ হয়েছে।’

তিনি বলেন, ‘জনগণ শেখ হাসিনা সরকারের উন্নয়ন দেখেই তাকে পুনর্নির্বাচিত করবে। দেশের উন্নয়নের জন্য দীর্ঘস্থায়ী স্থিতিশীল সরকার প্রয়োজন।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়