প্রাইম ভিশন ডেস্ক »
এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানির ব্যবসায় টালমাটাল অবস্থা শুরু হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান হিনডেনবার্গের এক গবেষণা রিপোর্টে আদানির বিরুদ্ধে কর্পোরেট জগতের ইতিহাসের সবচেয়ে বড় ধোঁকাবাজির অভিযোগ করা হয়। এরপরেই তার ব্যবসার পরিস্থতির এই হাল হয়েছে।
রিপোর্টে অভিযোগ করা হয়েছে, আদানি গ্রুপ হিসাবের খাতায় জালিয়াতি করে শেয়ার বাজারে ধোঁকাবাজি করেছে। এমন কথাও ঐ রিপোর্টে বলা হয়েছে যে আদানি গ্রুপের ঘাড়ে প্রচুর ঋণ রয়েছে যা এই ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তিকে নড়বড়ে করে তুলেছে।
হিনডেনবার্গ তাদের রিপোর্টে মরিশাস এবং ক্যারিবিয় দ্বীপপুঞ্জের বিভিন্ন ট্যাক্স হেভেনে বিভিন্ন কোম্পানিতে আদানি গ্রুপের মালিকানা থাকার ব্যাপারে ইঙ্গিত করেছে।
গত মঙ্গলবার রিপোর্টটি প্রকাশের সঙ্গে সঙ্গে শেয়ার বাজারে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে। এর পরের দিন বুধবার একদিনের লেনদেনে আদানি গ্রুপ তাদের বাজার মূল্য থেকে ১ হাজার ১০০ কোটি ডলার খুইয়ে ফেলে।
এই রিপোর্ট এমন সময় প্রকাশ করা হয় যখন আদানি গ্রুপ শেয়ার বাজারে প্রচুর সংখ্যায় শেয়ার বিক্রির পরিকল্পনা করছিল। গতকাল শুক্রবার এই গ্রুপের ২৪০ কোটি ডলার মূল্যের শেয়ার ছাড়ার কথা ছিল।
তবে এই নিয়ে আদানি গ্রুপ এখন যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানিকে একহাত নেওয়ার চেষ্টা শুরু করেছে। আদানি গ্রুপ বলছে, হিনডেনবার্গের রিপোর্ট বিদ্বেষমূলক এবং ভুল তথ্যে ভরা।
তারা বলেছে, মার্কিন এই কোম্পানির বিরুদ্ধে তারা ভারত এবং যুক্তরাষ্ট্রে মামলা করার কথা বিবেচনা করছে। আদানি গ্রুপ ভারতের সবচেয়ে বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অন্যতম। ভোগ্যপণ্য ছাড়াও তাদের ব্যবসা ও বিনিয়োগ জ্বালানি, বিমানবন্দর, সমুদ্র বন্দর এবং অবকাঠামো নির্মাণের মত বড় বড় খাতে বিস্তৃত।


