Homeএই মুহুর্তেচট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প কর্মকর্তাকে পিটিয়েছে ঠিকাদাররা

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প কর্মকর্তাকে পিটিয়েছে ঠিকাদাররা

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) এক প্রকল্প কর্মকর্তাকে মারধরের পাশাপাশি তার কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামলার শিকার ওই প্রকল্প কর্মকর্তার নাম মো. গোলাম ইয়াজদানী।

রবিবার (২৯ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের টাইগার পাস এলাকায় অবস্থিত অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটেছে। হামলার শিকার প্রকল্প কর্মকর্তার দাবি, কাজ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ২০-২৫ জন ঠিকাদার তার অফিস কক্ষে অনুমতি ছাড়া প্রবেশের পর হামলা করেছে। এ সময় অফিসের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে।

চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, কয়েকজন ঠিকাদার অতর্কিতভাবে প্রকল্প কর্মকর্তা মো. গোলাম ইয়াজদানীর কক্ষে প্রবেশ করে তার ওপর হামলা করেছে। জিনিসপত্র ভাঙচুর করেছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মেয়র আরও বলেন, স্বচ্ছতার মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া চলছে। এখানে কেউ জোর করে কাজ ভাগিয়ে নেওয়ার সুযোগ নেই। প্রকল্প কর্মকর্তা কাউকে ইচ্ছা করলেই কাজ পাইয়ে দিতে পারেন না। কেউ যদি এতে ক্ষুব্ধ হন কিংবা কোনও অভিযোগ থাকলে তা আমাকে জানাতে পারতেন। এভাবে হামলার ঘটনা কোনোভাবে মানা যায় না।

মো. গোলাম ইয়াজদানী চট্টগ্রাম নগরের সবচেয়ে বড় আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের পরিচালক। এ প্রকল্পের অধীনে রয়েছে নগরের বিমানবন্দর সড়ক সম্প্রসারণসহ একাধিক উন্নয়ন প্রকল্প।

খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, বিষয়টি আমরা মৌখিকভাবে শুনে ঘটনাস্থলে গিয়েছি। সরেজমিন প্রত্যক্ষ করেছি। সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়