প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।
তিনি মনোনয়ন পেয়ে গণমাধ্যমকে বলেন, ‘আমার অর্থবিত্ত নেই, পেশিশক্তি নেই। আমি তৃণমূলের একজন কর্মী। আমার মতো মানুষকে টেনে এনে মনোনয়ন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। তৃণমূলের কর্মীকে গুরুত্ব দেওয়ার বড় উদাহরণ রাজনীতিতে এর চেয়ে আর হতে পারে না।’
নোমান আল মাহমুদ আরও বলেন, ‘আপনারা আমার জন্য দোয়া করবেন। বঙ্গবন্ধু কন্যার মর্যাদা যেন আমি রক্ষা করতে পারি, চট্টগ্রামের মানুষের সম্মান যেন আমি অক্ষুণ্ণ রাখতে পারি। বঙ্গবন্ধুর রাজনৈতিক চেতনা-আদর্শ, আওয়ামী রাজনীতি ছাড়া, আমার আর কিছুই নেই। আমি কখনো রাজনীতি করে টাকার পেছনে ছুটিনি। আমি বঙ্গবন্ধুর আদর্শকে কখনো বিক্রি করিনি। আজকে সেটির মূল্যায়ন হয়েছে।
এর আগে ২০২০ সালের ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ (নৌকা) নির্বাচিত হন। গত ৫ ফেব্রুয়ারি মারা যান চট্টগ্রামের দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপি। এতে শূন্য হয়ে পড়ে চট্টগ্রাম-৮ আসনটি।
নোমান আল মাহমুদ সাবেক ছাত্রনেতা ও যুবনেতা হিসেবেও অন্তত ৫ দশক ধরে আওয়ামী লীগ পরিবারে সম্পৃক্ত। ১৯৭১-৭৩ সালে সিটি কলেজ ছাত্রলীগের সদস্য ছিলেন তিনি। পরবর্তীতে ৭৪-৭৭ সালে মহানগর ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হন। ‘৭৯ সালে যুবলীগ মহানগর কমিটির সদস্য হন। কেন্দ্রীয় যুবলীগের মোস্তফা মহসিন মন্টু ও ভুলু সরকারের কমিটির সময়কালে, ৮৭ সালে সম্মেলনের মাধ্যমে মহানগর যুবলীগ সভাপতি ও পরবর্তীতে ’৯৪ সালে শেখ সেলিম-কাজী ইকবাল কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ‘৯৭ সালে জাহাঙ্গীর কবির নানক-মির্জা আজম কমিটির সদস্য হন। বর্তমানে তিনি মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।


