প্রাইম ভিশন ডেস্ক »
ভারত বিনিয়োগ করলে উন্নয়নের জন্য বাংলাদেশ আর কারও কাছে যাবে না। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের উদ্দেশে এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (২৪ মে) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন মন্ত্রী। এ প্রকল্পের কাজ শেষ হলে ভারতের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ সহজ হবে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণব ভার্মাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা (ভারত) যদি সেভাবে বিনিয়োগ করতে পারেন তাহলে আমাদের দূরে যাওয়ার দরকার নাই।’
তিনি বলেন, ‘প্রতিবেশী ভারতের সঙ্গে সড়ক ও রেলপথে অনেক সংযোগ স্থাপিত হয়েছে। সামনে আরও নতুন নতুন দুয়ার খুলবে। এতে আমাদের ব্যবসা-বাণিজ্য, লেনদেন বেড়েছে। ট্রানজিট সুবিধার জন্য আমরা উভয়েই লাভবান হয়েছি। এ কথাগুলো আমাদের স্বীকার করতে হবে।’
তিনি বলেন, ‘সম্পর্কের পাশাপাশি কিছু বিষয়ে ব্যবধান রয়েছে। আমাদের মাঝে যে ব্যবধান আছে সেটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে সমাধান হয়ে যাবে। কিন্তু মুখ দেখাদেখি বন্ধ করলে এবং সম্পর্ক খারাপ করলে আমরা সামনে এগোতে পারব না। ব্যবসাবাণিজ্য পিছিয়ে থাকবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি২০ সম্মেলনে যোগ দিতে ভারতে যাবেন। এ ছাড়া ভারতীয় জনতা পার্টির সঙ্গে পার্টি টু পার্টি চুক্তির জন্য আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ভারতে যাবে।


