প্রাইম ভিশন ডেস্ক »
দেশের প্রাথমিক স্কুলগুলোতে শূন্য পদের বিপরীতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী আগস্ট মাসে নেওয়ার প্রস্তুতি নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। তার আগে প্রকাশ করা হবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন জানান, তিন পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে। যে কোনো মুহূর্তে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের নিয়োগ প্রক্রিয়া পার্বত্য জেলা পরিষদ সম্পন্ন করে থাকে। তাই এ জেলা বাদে বাকি জেলার নিয়োগ পরীক্ষা চলতি বছরের আগস্টে শুরু হতে পারে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের তথ্যমতে, গত মে মাস থেকেই ঢাকা ও চট্টগ্রাম বিভাগের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারির প্রস্তুতি শুরু হয়েছে। এ নিয়ে কর্মকর্তারা কয়েকদফায় আলোচনাও করেছেন।
জানা গেছে, দেশের প্রাথমিক স্কুলে শূন্যপদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে বিভাগওয়ারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিপিই। ইতোমধ্যে রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, এই ছয় বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাকি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে।
গত ২৭ ফেব্রুয়ারি রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রাক-প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। গত ২০ মার্চ খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রাক-প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এ দুই বিজ্ঞপ্তি অনুসারে আবেদন গ্রহণ শেষ হয়েছে।
ডিপিই সূত্র জানায়, চলমান নিয়োগ বিজ্ঞপ্তিতে সাত হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার কথা থাকলেও এই সংখ্যা শেষ পর্যন্ত ১৫ হাজারের বেশি হতে পারে।
সম্প্রতি সংসদে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৭ হাজারেরও বেশি শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষকের শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৮৫৮। বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত ১:৩৪। অর্থাৎ, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে গড়ে ৩৪ জন শিক্ষার্থীকে পাঠদানের জন্য রয়েছেন একজন করে শিক্ষক।
উল্লেখ্য, সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩৭ হাজার শিক্ষক গত জানুয়ারি মাসে প্রাথমিক স্কুলে যোগদান করেছেন। তাদের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে প্রায় দেড় বছর সময় লেগেছে।


