প্রাইম ভিশন ডেস্ক »
ইউক্রেনকে গণবিধ্বংসী ক্লাস্টার বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এটা একটি খুব কঠিন সিদ্ধান্ত ছিল। এছাড়া তিনি ওই ক্লাস্টার বোমা প্রদানের বিষয়ে বিভিন্ন যুক্তি দিয়েছেন।
বাইডেন বলেন, ইউক্রেনকে গণবিধ্বংসী ক্লাস্টার বোমা দিতে তিনি বেশ সময় নিয়েছেন। মূলত, ইউক্রেনীয়দের গোলাবারুদ ফুরিয়ে যাওয়ার কারণে তিনি তাদের এ সমরাস্ত্র দেন।
মার্কিন এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে যুক্তরাষ্ট্রের এ ক্লাস্টার বোমা দেওয়ার বিষয়টি নিয়ে আমেরিকার চরম সমালোচনা করেছে রুশ কর্তৃপক্ষ।
কারণ, এ ক্লাস্টার বোমাকে বিশ্বের ১২০টি দেশ নিষিদ্ধ করেছে। এছাড়া বেসামরিক মানুষ হত্যার রেকর্ড রয়েছে এ সমরাস্ত্রের।
শুক্রবার এক সাক্ষাত্কারে সিএনএনকে বাইডেন বলেন, এই সিদ্ধান্তের বিষয়ে তিনি বন্ধুরাষ্ট্রগুলোর সঙ্গে কথা বলেছেন। লিথুয়ানিয়ায় ন্যাটো শীর্ষ সম্মেলনের আগেই তিনি তাদের এ বিষয়টি অবহিত করেন।
শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক দৈনিক ব্রিফিংয়ে বলেন, অবিস্ফোরিত ক্লাস্টার বোমার মাধ্যমে বেসামরিক জনগণের ক্ষয়-ক্ষতির বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে অবহিত করেছেন। এ কারণে তারা অনেক দিন পর্যন্ত এ গণবিধ্বংসী সমরাস্ত্র কাউকে দেননি।
এরপর তিনি বলেন, ইউক্রেনের গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে। তাদের এখন অনেক সমরাস্ত্র দরকার। এ কারণে তাদের এ ক্লাস্টার বোমা দেওয়া হচ্ছে।
সুলিভান আরও বলেন, “এই চরম সংঘাতের সময়ে আমরা কোনো সময়েই ইউক্রেনকে অরক্ষিত রাখব না।”
সূত্র : বিবিসি


