প্রাইম ভিশন ডেস্ক »
সুপার ফোরে টানা দুই ম্যাচ হারলো বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ হারে ফাইনাল স্বপ্ন বিবর্ণ হয়ে উঠলো বাংলাদেশের, কার্যত ফাইনালের আশা শেষ হয়ে গেল তাদের।
প্রথম সারির চার ব্যাটসম্যানের বিদায়ে হারের যে শঙ্কা তৈরি হয়, তা কাটিয়ে তোলেন মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। মুশফিকের বিদায়ের পর ধাক্কা লাগলেও হৃদয়ের ব্যাটে স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। কিন্তু দুঃসময়ে কাণ্ডারীর ভূমিকায় থেকে দারুণ এক ইনিংস খেললেও দলের মুখে জয়ের হাসি ফুটাতে পারেননি তিনি। ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার বিপক্ষে আবারও হার সঙ্গী হলো বাংলাদেশের।
শনিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রানে হেরে গেছে বাংলাদেশ। এবারের আসরে লঙ্কানদের বিপক্ষে দুই সাক্ষাতেই হারলো সাকিব আল হাসানের দল। সুপার ফোরে টানা দুই ম্যাচ হারলো বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ হারে ফাইনাল স্বপ্ন বিবর্ণ হয়ে উঠলো বাংলাদেশের, কার্যত ফাইনালের আশা শেষ হয়ে গেল তাদের। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় কাজে নাও আসতে পারে।
টস হেরে আগে ব্যাটিং করতে নামা শ্রীলঙ্কার ইনিংসে সবচেয়ে বড় নাম সাদিরা সামারাবিক্রমা। দারুণ ব্যাটিংয়ে ঝকঝকে এক ইনিংস খেলা লঙ্কান এই ব্যাটসম্যান ইনিংসের সর্বোচ্চ রান করেন। হাফ সেঞ্চুরি করেন কুশল মেন্ডিস, রানের দেখা পান পাথুম নিসাঙ্কাও। এদের ব্যাটে ৯ উইকেটে ২৫৭ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে আরও একবার ব্যাটিং ব্যর্থতায় হতাশায় ডুবতে দেখায যায় বাংলাদেশকে। হৃদয় একা লড়লেও তা যথেষ্ট হয়নি, ৪৮.১ ওভারে ২৩৬ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।


