Homeএই মুহুর্তেরূপপুর যাচ্ছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়ামের প্রথম চালান

রূপপুর যাচ্ছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়ামের প্রথম চালান

প্রাইম ভিশন ডেস্ক »

পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের প্রথম চালান ঢাকা থেকে প্রকল্প এলাকায় নেওয়া হচ্ছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো গাজীপুর ছেড়ে যায়।

বিশেষ নিরাপত্তা বলয়ে ঢাকা থেকে সড়কপথে এ ইউরেনিয়াম আজ ভোরে রওনা হয়। ভোর সাড়ে ৫টায় গাড়িবহরটি গাজীপুর মহানগরে প্রবেশ করে। এরপর ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুরে পৌঁছালে দুটি গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে সকাল ৭টার দিকে গাড়িগুলো রূপপুরের উদ্দেশে ছেড়ে যায়। এতে এ মহাসড়কের যানচলাচল বন্ধ ছিল।

ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পার হয়ে নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছাবে ইউরেনিয়ামের প্রথম চালান। এজন্য নিরাপত্তা বিবেচনায় ঢাকা-পাবনা মহাসড়কে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাশিয়া থেকে দেশে পৌঁছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের প্রথম চালান। ৫ অক্টোবর এ জ্বালানি আনুষ্ঠানিকভাবে রূপপুর প্রকল্প কর্তৃপক্ষে হস্তান্তর করা হবে।

গতকাল রাতে পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনসী বলেন, শুক্রবার সকালে ঢাকা থেকে সড়কপথে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম আসবে। যেহেতু পাবনা-ঢাকা রুটে অনেক সময় যানজটের সৃষ্টি হয় এজন্য যানজট নিয়ন্ত্রণে ও নিরাপত্তার স্বার্থে শুক্রবার ভোর ৫টা থেকে বাস চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। তবে আরিচা-কাজিরহাট হয়ে বিকল্প ব্যবস্থায় যানচলাচল করতে পারবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রকল্পের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ও স্পর্শকাতর এ প্রকল্প নির্ধারিত সময়ে চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়