প্রাইম ভিশন ডেস্ক »
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির নেতৃত্বকেও দুর্বল করা যাবে না। কারাগারের বাইরে থাকা বিএনপির সর্বশেষ ব্যক্তিটি আন্দোলনের নেতৃত্ব দেবে। আন্দোলনের মাধ্যমেই সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারব্যবস্থা বাস্তবায়ন করতে জনগণ সংকল্পবদ্ধ। আর অচিরেই এ সরকারের পতন হবে।
শুক্রবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
বিবৃতিতে রিজভী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফাভাবে অনুষ্ঠিত করে আবারও রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করার পাঁয়তারা শুরু করেছে আওয়ামী সরকার। এ হীন উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে কারান্তরিন করার ঘৃণ্য খেলায় মেতে উঠেছে তারা। বিএনপিকে নেতৃত্বশূন্য করতেই এ শাসকগোষ্ঠী বিএনপির জাতীয় নেতৃবৃন্দকে ধারাবাহিকভাবে গ্রেপ্তার করে যাচ্ছে। শুধু তাই নয়, সরকার আদালতের মাধ্যমে বিএনপির গ্রেপ্তার জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে আট-দশ দিন করে রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করছে।
তিনি আরও বলেন, বর্তমান শাসকগোষ্ঠী বিএনপির নেতৃত্বে চলমান অবরোধ কর্মসূচিতে ভীত হয়ে পড়েছে বলেই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সরকার ভাবছে এভাবে গ্রেপ্তার, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং জুলুম চালালে বিএনপির আন্দোলন স্তব্ধ হয়ে যাবে। কিন্তু সরকারের উদ্দেশে বলতে চাই—বিএনপি দেশের বৃহৎ এবং জনপ্রিয় রাজনৈতিক দল, এ দলটির সঙ্গে জনগণ রয়েছে, কাজেই আন্দোলন দমানোর জন্য সরকারের কোনো কৌশলই সফল হবে না।
পাশাপাশি তিনি বিবৃতিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গোয়েন্দা পুলিশ কর্তৃক গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আমীর খসরু মাহমুদ চৌধুরীর নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান রিজভী।


