প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে বৃহস্পতিবার বিকালে প্রমা আবৃত্তি সংগঠনের তিনদিনব্যাপী (৯,১০,১১ নভেম্বর) বর্ষপূর্তি আবৃত্তি উৎসবের উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আশরাফুল আলম।
বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী শ্রেয়সী রায়ের কন্ঠে আগুনের পরশমণি গানের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন।
প্রমা’র সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রফেসর ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম (সভাপতি, পেশাজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রাম), আহমেদ ইকবাল হায়দার (নাট্যব্যক্তিত্ব, একুশে পদকপ্রাপ্ত গুণীজন,) নুরজাহান খান (নারীনেত্রী), বিদ্যুৎ দেবনাথ (সভাপতি, ইন্দো বাংলাদেশ কালচারাল সেন্টার), মালেক মুস্তাকিম ( বিশিষ্ট কবি), রেজিনা ওয়ালি লীনা (সভাপতিমন্ডলীর সদস্য, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ), আযহারুল হক আজাদ ( যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ), নুর নবী (সিনিয়র ম্যানেজার, ইস্পাহানি টি কোম্পানি)

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা ৩৪ বছরের পথচলায় প্রমা আবৃত্তি সংগঠন শুদ্ধ সংস্কৃতি চর্চার পাশাপাশি দেশের প্রগতিশীল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। প্রমার তিনদিনের এই উৎসবে ভারতের কোলকাতা ও মেদেনীপুরসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আবৃত্তিশিল্পীরা অংশগ্রহন করবেন।
সংগঠনটি চট্টগ্রামসহ সারাদেশে তাদের যাত্রা অব্যাহত রেখে দেশগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।
উদ্বোধনী দিনে প্রমা আবৃত্তি সংগঠনের শিশুবিভাগের বৃন্দ আবৃত্তি, বোধন আবৃত্তি পরিষদের বৃন্দ পরিবেশনার পাশাপাশি বাংলাদেশ এবং ভারত থেকে আমন্ত্রিত বিশিষ্ট শিল্পীরা আবৃত্তি পরিবেশ করেন।
শুক্রবার সকাল ১০ টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের পর্ব আরম্ভ হবে।
শুক্রবার বিকালে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এ টি এম পেয়ারুল ইসলাম, চেয়ারম্যান, জেলা পরিষদ চট্টগ্রাম ।
দ্বিতীয় দিনেও বিভিন্ন সংগঠন ও শিল্পীরা দলীয় ও একক আবৃত্তি ও গান পরিবেশন করবেন।
শনিবার তৃতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ডা. মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র।


