প্রাইম ভিশন ডেস্ক »
এক বছরের বেশি সময় ধরে দাম বাড়ার পর ডলারের ক্রয়-বিক্রয় দর ৫০ পয়সা কমানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেড (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা)।
গত বছরের তুলনায় এ বছর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার বাজার ভালো অবস্থানে থাকায় বুধবার (২২ নভেম্বর) টাকার বিপরীতে ডলারের দাম কমানোর সিদ্ধান্ত হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রফতানি আয় এবং রেমিট্যান্সের জন্য ডলারের ক্রয়মূল্য ১১০ টাকা ৫০ পয়সা থেকে কমে ১১০ টাকা করা হয়েছে। আমদানি নিষ্পত্তির জন্য ডলার বিক্রির মূল্য নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা ৫০ পয়সা, যা আগে ছিল ১১১ টাকা।
এবিবির চেয়ারম্যান এবং ব্র্যাক ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন গণমাধ্যমকে জানান, বাণিজ্য ঘাটতি কমে এসেছে। নেট ওপেন পজিশন বা এনওপি ইতিবাচক, বিদেশি ব্যাংকের কাছে বকেয়াও কমে এসেছে। এখন আর্থিক হিসাবে ঘাটতিটাই বৈদেশিক মুদ্রার প্রধান চ্যালেঞ্জ। প্রতি মাসে ডলার কেনাবেচার দর বাড়ানো হবে না।
এর আগে ৩১ অক্টোবর এবিবি ও বাফেদা রেমিট্যান্স এবং রফতানি আয়ের জন্য ডলারের আনুষ্ঠানিক ক্রয়-বিক্রয় হার যথাক্রমে ১১০ টাকা ৫০ পয়সা এবং ১১১ টাকায় বাড়ায়।


