প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের যাত্রীর সিটের নিচ থেকে ৩৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বুধবার (২৯ নভেম্বর) রাতে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি-৯৫২০ ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী মো. আব্দুল মতিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৮টার দিকে অবতরণ করা বিমানটিতে তল্লাশি চালানো হয়। এতে এফ-৯ আসনের নিচে কালো স্কচটেপ মোড়ানো দুটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলোর ভেতর ৩৮টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন চার কেজি ৪২০ গ্রাম।
কেউ মালিকানা দাবি না করায় বারগুলো পরিত্যক্ত হিসেবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে স্বর্ণের বারগুলো কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


