প্রাইম ভিশন ডেস্ক »
দ্বাদশ সংসদ নির্বাচন শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের আশ্বাস ব্যক্ত করে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গের সুযোগ নেই কারও। যদি এর কোনোরূপ ব্যত্যয় ঘটে তাহলে ভঙ্গকারীকে কোনোরূপ ছাড় দেওয়া হবে না।
গতকাল মঙ্গলবার সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সন্দ্বীপ উপজেলা পরিষদ কমপ্লেক্সের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স হলে সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার মো. খোরশেদ আলমের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মামুনুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল মালেক।
জেলা প্রশাসনসূত্র জানায়, প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের পর দুপুর ১২টায় কবি আব্দুল হাকিম পাবলিক অডিটরিয়ামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার) সাথে মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক। দুপুর ১টায় উপজেলার ৮ জন বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদ প্রদান, অসহায়–শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শুকনো খাবার বিতরণ এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর–কিশোরী ক্লাবে বই বিতরণসহ প্রান্তিক কৃষকের মাঝে কৃষি বীজ বিতরণ করেন তিনি।
এছাড়া ভোট গ্রহণকারী কর্মকর্তা অর্থাৎ প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের সাথেও মতবিনিময় করেন জেলা প্রশাসক। দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শতভাগ স্বচ্ছতা ও ন্যায়ের সঙ্গে পবিত্র দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, যদি কোনো কর্মকর্তার কোনো ধরনের অনিয়ম পরিলক্ষিত হয় তাহলে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন শতভাগ সুষ্ঠু নিরপেক্ষ করতে সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালন করতে হবে।


