প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘নির্বাচন বানচালের নামে বিএনপি-জামায়াত জোট বেঁধেছে দেশকে ধ্বংস করার জন্য। আর আওয়ামী লীগ বীর বাঙালিকে নিয়ে জোট বেঁধেছে দেশকে রক্ষার জন্য। আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে বাঙালি জাতিসত্তা টিকে থাকবে। আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে একাত্তরের পরাজিত অপশক্তির চিরসমাধি হবে।’
সভায় নওফেল আরও বলেন, ‘নির্বাচন বানচালের জন্য বিএনপি-জামায়াত যে জ্বালাও-পোড়াও করছে, তার বিরুদ্ধে পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলতে হবে। আগুন সন্ত্রাসীদের জনবিচ্ছিন্ন করতে হবে। ৭ জানুয়ারি দলে দলে সবাইকে ভোটকেন্দ্রে এসে রায় দেওয়ার মাধ্যমে এ অপশক্তিকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিতাড়িত করতে হবে।’
সভায় নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের হারাবার কিছু নেই। বরং আওয়ামী লীগ হারলে বাঙালি জাতি হেরে যাবে এবং আমাদের জাতীয় অস্তিত্ব বিপন্ন হবে। তাই নৌকাকে ভোট দিয়ে জাতীয় অস্তিত্ব রক্ষার শপথ নিন।’
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের উপদেষ্টা সফর আলী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ও লুৎফুন্নেছা দোভাষ বেবী, সাবেক ছাত্রলীগ নেতা মুহাম্মদ সালাউদ্দিন।
বিকেলে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল নগরীর চকবাজার, তেলিপট্টি, দেবপাহাড়, চন্দনপুরা ও চট্টগ্রাম কলেজ এলাকায় গণসংযোগ করেন।


