প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় টহল শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৫টি আসনে টহল দিচ্ছেন তারা। অপর একটি আসন উপকূলীয় এলাকায় হওয়ায় সেখানে মোতায়েন করা হয়েছে কোস্টগার্ড।
শনিবার ভোররাত থেকে সন্দ্বীপে কোস্টগার্ড মোতায়েন করা হয়। এর আগে, শুক্রবার সকাল থেকে নগরের বিভিন্ন স্থানে টহল শুরু করে বিজিবি।
জানা গেছে, সন্দ্বীপ বাদে বাকি ১৫টি আসনে বিজিবি ছাড়াও র্যাবের ৩২টি টহল টিম এবং সঙ্গে একটি করে গোয়েন্দা টিম মাঠে রয়েছে। তারা নির্বাচনী এলাকাগুলোতে টহল দিচ্ছেন।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান জানান, সন্দ্বীপে দায়িত্ব পালন করবে কোস্টগার্ড। স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় ২০২৩ সালের ২৯ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত সারাদেশের নির্বাচনী এলাকায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
বিজিবি-৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশনের নির্দেশে বিভিন্ন সংসদীয় আসনে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। চট্টগ্রামের ১৫টি আসনে মোট ৯৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।


