Homeএই মুহুর্তেরুমা ও থানচিতে অনির্দিষ্টকাল যান চলাচল বন্ধ

রুমা ও থানচিতে অনির্দিষ্টকাল যান চলাচল বন্ধ

প্রাইম ভিশন ডেস্ক »

বান্দরবানের রুমা ও থানচিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বাস মালিকদের দাবি, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা বাস চলাচলে নিষেধ করেছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে বান্দরবান জেলা সদর থেকে কোনো যানবাহন স্টেশন ছেড়ে যায়নি এবং উপজেলা থেকেও কোনো বাস স্টেশন ছেড়ে জেলা শহরে আসেনি।

বান্দরবান-রোয়াংছড়ি-রুমা-থানচি মোটরযান পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম জেলা ও উপজেলা বাস ও জিপ স্টেশনের লাইনম্যানদের বরাতে বিষয়টি স্বীকার করেছেন।

রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লা চিং মারমা জানান, তার ছোট ভাই রুমা বাস স্টেশনের লাইনম্যান লুপ্রু মার্মাকে সকালে বাড়ি থেকে বাস স্টেশনে নিয়ে যাচ্ছিলেন। এ সময় পলিকা পাড়া শ্মশান এলাকায় কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সদস্যরা ধরে নিয়ে গিয়ে মারধর করে আহত করেছে। লুপ্রুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, লুপ্রু মারমা বাসের লাইনম্যানের দায়িত্ব পালন করতে সকাল ৭টার দিকে সদরঘাট থেকে বাজারে যাচ্ছিল। এ সময় পলিকা পাড়া শ্মশান এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায়, কেএনএ সশস্ত্র সদস্যরা। আধা ঘণ্টা পর মারধর করে ছেড়ে দেওয়া হয় তাকে।

রুমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ২নম্বর রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈমং মারমা (শৈবং) বলেন, ‘রুমার-বান্দরবান রাস্তায় রাস্তায় কুকি-চিন আর্মির সদস্যরা টহল দিচ্ছে, মানুষজনকে হুমকি ও মারধর করছে। গাড়ি না চালানোর জন্য হুমকি দিচ্ছে এ কারণে রুমা থেকে বান্দরবান কোনো বাস ও যানবাহন চলছে না।’

পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, বান্দরবান থেকে বাঘমারা ও রোয়াংছড়ি বাস চলাচল স্বাভাবিক আছে। কিন্তু রুমা ও থানচি স্টেশন থেকে সকাল থেকে কোনো বাস ছেড়ে আসেনি।

কেন আসেনি প্রশ্ন করা হলে লাইনম্যানদের বরাতে তিনি জানান, কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) বাস চালানো নিষেধ করেছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, ‘রুমা থেকে বান্দরবান সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে। এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়