প্রাইম ভিশন ডেস্ক »
ঘরমুখী মানুষের নির্বিঘ্নে যাত্রায় আসন্ন ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করা হয়েছে। আগামী ৯ এপ্রিল ছুটি রাখার সুপারিশ করেছে আইশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিষয়টি সাংবাদিকদের জানান।
কমিটির সুপারিশ আগামীকাল মন্ত্রিসভা বৈঠকেও উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
গত ২৫ মার্চ বাংলাদেশের আকাশে ১৪৪৫ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের স্থানাঙ্ক বিবরণী প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। এবার রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদুল ফিতর হবে ১০ এপ্রিল (বুধবার)। আর রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)।
তবে রমজান মাস ৩০ দিন ধরে ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। ঈদুল ফিতর উদযাপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ৯ এপ্রিল সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।


